শিশুদের জন্য ৫ দিনের আয়োজন
বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শহীদ মতিউর মুক্তমঞ্চে ২৯ মে থেকে প্রদর্শিত হবে ১১টি শিশুনাট্য দলের নাটক, শিশুদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এছাড়াও ১১ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৩৭ শিশু সংগঠনের অংশগ্রহণে নাচ ও গান পরিবেশনাও থাকছে।
অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকাল সাড়ে তিনটা থেকে।
প্রতিদিনই কবি, শিশুসাহিত্যিক, লেখক, আবৃত্তিকার, উপন্যাসিক, ছড়াকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সংঙ্গে শিশুদের নানান বিষয় নিয়ে আলাপচারিতা শেষে পরিবেশিত হবে শিশুশিল্পীদের নাচ, গান, নাটক। সবশেষে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী।
বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব আয়োজনের কথা জানানো হয়।
বৃহস্পতিবার থেকে আরও শুরু হচ্ছে শিশু একাডেমি বইমেলা ২০১৪। শিশু একাডেমি ছাড়াও মেলায় ১৫টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।
