“ভিডিওটি বিতর্কের জন্ম দিতে পারে”
একটি ভিডিও নিয়ে বেশ বিপাকেই পড়ে গেছে ব্রিটিশ-আইরিশ পপ ব্যান্ড ওয়ান ডিরেকশন। ব্যান্ডের দুই সদস্য জাইন মালিক এবং লুইস টমলিনসনের গাঁজা সেবনের ভিডিওকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে ভক্তরা।
কন্টাক্টমিউজিক বলছে, এ বছরের এপ্রিলে পেরুর রাজধানী লিমাতে কনসার্ট করতে গিয়েছিল ব্যান্ডটি। সে সময়ই ভিডিওটি করা হয়।
পাঁচ মিনিটের এই ভিডিও সম্প্রতি ফাঁস করেছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের অনলাইন সংস্করণ, যেখানে মালিক এবং টমলিনসনকে দেখা গেছে সিগারেটের মাধ্যমে গাঁজা সেবন করতে।
মেইল অনলাইনের দাবি, ভিডিওটি ধারণ করা হয় ২৭ এপ্রিল যখন লিমার এস্তাদিও নেসনিয়াল স্টেডিয়ামে পারফর্ম করতে যাচ্ছিলেন ব্যান্ডের সদস্যরা।
ধারণা করা হচ্ছে, যাত্রাপথে গাড়ির ভেতর বসে ভিডিওটি করেছেন টমলিনসন নিজে। এতে টমলিনসনের কণ্ঠে রাস্তার নানা বিবরণও শোনা যায়। টমলিনসন ভিডিওতে মালিককে জিজ্ঞেস করেন, “এই ভিডিওর ব্যাপারে তোমার মতামত কী?”
উত্তরে মালিক বলেন, “ভিডিওটি অনেক বিতর্কের জন্ম দিতে পারে।”
পৃথিবীর অধিকাংশ দেশে নিষিদ্ধ হলেও পেরুতে নির্দিষ্ট পরিমাণে গাঁজা সেবন অবৈধ নয়।
এই ভিডিও প্রকাশের অনলাইনে ব্যান্ডের দুই সদস্যের উপর রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন তারা। ওয়ান ডিরেকশনের আগামী কনসার্টের টিকেট ছিঁড়ে ছবি পোস্ট করেছেন অনেক ভক্ত। এক ভক্ত টিকেটে আগুন ধরিয়ে দেওয়ার ছবিও পোস্ট করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত মুখ খোলেননি ব্যান্ডের কোনো সদস্য। তবে তাদের ব্যবস্থাপক এক বিবৃতির মাধ্যমে জানান, বিষয়টি নিয়ে তাদের আইনজীবীই কথা বলবেন।
২০১০ সালে ব্রিটিশ রিয়েলিটি শো ‘দ্য এক্স ফ্যাক্টর’-এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পায় টিনএজ ব্যান্ড ওয়ান ডিরেকশন।
