২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুডিনি হচ্ছেন ডেপ?

জলদস্যু, ভ্যাম্পায়ার এমনকি রেড ইন্ডিয়ান চরিত্রেও দেখা গেছে জনি ডেপকে। এবার পর্দায় কিংবদন্তি জাদুকর হ্যারি হুডিনির ভূমিকায় আবির্ভূত হতে পারেন মার্কিন অভিনেতা জনি ডেপ। 

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 03:58 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

ডিন প্যারিসটের পরবর্তী সিনেমা ‘দ্য সিক্রেট লাইফ অফ হুডিনি: দ্য মেকিং অফ আমেরিকা’স ফাস্ট সুপার হিরো’র কেন্দ্রীয় চরিত্রে ডেপকেই পেতে চাইছেন নির্মাতারা।

এ ব্যাপারে আলোচনাও শুরু হয়ে গেছে দুই পক্ষের ভেতরে। উইলিয়াম কালুশ এবং ল্যারি স্লোম্যানের বই থেকে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন নোয়া ওপ্রিহেইম।

হলিউড রিপোর্টার বলছে, সিনেমায় হুডিনিকে উপস্থাপন করা হবে অনেকটা ইন্ডিয়ানা জোন্সের মতো রোমাঞ্চপ্রিয় এক ব্যক্তিরূপে যে কিনা কালো জাদুর দুনিয়ার রহস্যভেদ করে বেড়ান। লায়ন্সগেটের ব্যানারে এই সিনেমার প্রযোজক হিসেবে কাজ করবেন ‘দ্য বর্ন লিগাসি’ এবং ‘সিলভার লাইনিংস প্লেবুক’খ্যাত ব্রুস কোহেন। সিনেমার শুটিং শুরু হবে নভেম্বরে।

কিছুদিন আগেই ডেপ শেষ করেছেন লায়ন্সগেটেরই আরেক সিনেমা ‘মর্টডিকাই’-এর শুটিং। গিনেথ প্যালট্রো, ইওয়ান ম্যাকগ্রেগর অভিনীত এই সিনেমা মুক্তি পাবে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি। হাতে আছে কুখ্যাত সন্ত্রাসী হোয়াইটি বালগারের জীবনভিত্তিক সিনেমা ‘ব্লাক ম্যাস’।  বছরশেষে শুরু করবেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পঞ্চম সিনেমার কাজ। ডিজনির ‘অ্যলিস ইদ দ্য ওয়ান্ডারল্যান্ড’ সিকুয়েলেও কাজ শুরু করবেন খুব দ্রুতই।