"এমনকি স্নাতকও নন"
হিন্দি টেলিভিশন সিরিয়ালের সবচেয়ে প্রিয় ‘বৌমা’ থেকে মোদি সরকারের মন্ত্রী বনে যাওয়া স্মৃতি ইরানি শুরুতেই প্রধান বিরোধী দলের সমালোচনার লক্ষ্যে পরিণত হয়েছেন। মানবসম্পদ উন্নয়নমন্ত্রী হিসেবে শিক্ষাখাতের দেখভাল করার দায়িত্বে থাকা স্মৃতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অজয় মাকেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মাকেনের মন্তব্য ছিল, “মোদির কি মন্ত্রিসভা! এইচআরডি মন্ত্রী (যিনি শিক্ষার দায়িত্বে আছেন) এমনকি স্নাতকও নন! ইসিআই সাইটের পেজ ১১ তে তার এফিডেবিটে দেখুন।”
বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ বক্তব্যের সমালোচনা করে বলা হয়, “এটা খুবই দুর্ভাগ্যজনক যে তার বিরুদ্ধে এ ধরনের কথা বলা হচ্ছে। স্মৃতি ইরানি সংসদে হিন্দি ও ইংরেজিতে কথা বলেন এবং জনাব মোদি তার যোগ্যতার কথা মাথায় রেখেছেন।”
এদিকে কংগ্রেসের সাবেক সাংসদের এই টুইটের পর সমালোচনার ঝড় বইছে টুইটারজুড়ে। এমনকি খোদ মাকেনের দলের লোকরাও তার এই মন্তব্যকে ভালো চোখে দেখেননি। কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি বলেছেন, “সরকারের সমালোচনা যদি করতেই হয় তবে ইস্যু ধরে করা উচিত।”
তবে ভারতীয় গণমাধ্যম সিএনএন-আইবিএন বলছে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভারতের নির্বাচন কমিশনে দেওয়া স্মৃতি ইরানির তথ্যে গরমিল রয়েছে।
২০০৪ সালে দেওয়া তথ্য অনুযায়ী দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ করেসপনডেন্স থেকে বিএ পাশ করেছেন তিনি।
কিন্তু ২০১৪ সালে দেওয়া তথ্য বলছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিং থেকে বিকম-এ প্রথম বছর অবধি পড়েছেন তিনি।
কাজেই বলার ধরন যথাযথ না হলেও কংগ্রেস নেতার বক্তব্যের সত্যতা মানতেই হয়।
