গতি থিয়েটারের নাট্যোৎসব
পঞ্চম বর্ষে পদাপর্ন করছে ঢাকার নাট্যদল গতি থিয়েটার। এ উপলক্ষে শুক্রবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নাট্যোৎসবের আয়োজন করেছে তারা।
দলের সিনিয়র সদস্য ও নির্দেশক আশিক সুমন গ্লিটজকে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঝুনা চৌধুরী, মান্নান হীরা, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সভাপতি জাহিদ রিপনসহ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর নাট্যোৎসবের উদ্বোধনী নাটক গতি থিয়েটারের ‘সঙঘাত’। নাটকটি নির্দেশনা দিয়েছেন আশিক সুমন।
২০০৯ সালের ২২ মে যাত্রা শুরু করা গতি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘চেলাকাশ’। এরপর তারা সাতটি নাটক মঞ্চায়ন করেছে। এগুলোর মধ্যে রয়েছে ‘গ্যারেজ’, ‘ইনডোর’, ‘লালবাঙ’ নাটকগুলো। দলের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন মনি পাহাড়ি।
আশিক জানান, খুব শীঘ্রই গতি থিয়েটার ‘রূপবান’ নামে একটি নতুন নাটক মঞ্চস্থ করবে।
