সুজয়কে ‘না’ বললেন কাঙ্গানা
‘কাহানি’খ্যাত পরিচালক সুজয় ঘোষের পরবর্তী হিন্দি সিনেমা ‘দুর্গা রানি সিং’-এ কাজ করছেন না কাঙ্গানা রানাওয়াত। ‘কুইন’ সিনেমায় কাঙ্গানার অভিনয়ে মুগ্ধ এই বাঙালি পরিচালক তাকে নিজের সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বলিউডের নতুন ‘রানি' ফিরিয়ে দিলেন তাকে।
এ বিষয়ে কাঙ্গানার মন্তব্য, শিডিউল না থাকায় ঘোষের সিনেমায় কাজ করতে পারছেন না তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে কাঙ্গানা আরও বলেন, “আমার আরও অনেকের সঙ্গে কাজের চুক্তি রয়েছে, তাই সুজয় ঘোষের সিনেমাটি করতে পারছি না।”
সিনেমাটির চিত্রনাট্য খুবই ভালো মন্তব্য করে কাঙ্গানা বলেন, তার বিশ্বাস যেই অভিনয় করুক না কেনো ভালো কিছুই নির্মাণ করবেন সুজয়।
প্রথমে ‘দুর্গা রানি সি’ চরিত্রটি বিদ্যা বালানকেই দিয়েছিলেন সুজয়। কিন্তু শেষমেশ এতে অভিনয় করা হয়ে ওঠেনি বিদ্যার। এরপর বেশ কয়েকদিন বন্ধ ছিল সিনেমাটির কাজ।
এবার কাঙ্গানার চলে যাবার পর নতুন করে নায়িকা খুঁজতে ব্যস্ত সুজয়। গুঞ্জন উঠেছে এবার চরিত্রটি যাবে কারিনা কাপুর খানের ঝুলিতে।
