২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দিপিকার সঙ্গে প্রেম করছি না’

রানবির-ক্যাটরিনার পর এই জুটির প্রেমের গুজবেই সরগরম গোটা হিন্দি সিনেপাড়া। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দিও হয়েছেন অনেকবার। এতকিছুর পরও রানভির সিং সাফ বলে দিয়েছেন দিপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই তার।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 06:33 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

“না। আমাদের ভেতরে কোনো সম্পর্ক নেই। সে আমার জীবনে খুবই বিশেষ একজন মানুষ এবং খুবই ভালো বন্ধু। আমার দেখা সবচেয়ে অসাধারণ মানুষগুলোর একজন সে। একজন পেশাদার অভিনত্রী হিসেবে তার প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম। তবে এর বেশি কিছু নয়।”

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন রানভির।

সাঞ্জায় লিলা বানসালির ২০১৩ সালের ব্লকবাস্টার হিট ‘গোলিও কি রাসলিলা: রাম-লিলা’ সিনেমায় এই জুটির চমৎকার রসায়ন বাস্তবজীবনেও প্রতিফলিত হচ্ছে বলে গুঞ্জন ওঠে ভারতীয় গণমাধ্যমগুলোতে। বিভিন্ন অনুষ্ঠানে এই জুটির একসঙ্গে উপস্থিতি, টুইটারে দুজনের ‘সেলফি’ পোস্ট করা থেকে শুরু করে একে অন্যের শুটিং সেটে হাজির হওয়া নিয়ে বারবার হতে থাকে শিরোনাম।

তবে রানভির জানালেন, ট্যাবলয়েডের মুখরোচক এসব খবরের চাইতে কাজে মনোযোগ দেওয়াই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ।

রানভির বলেন, “আমি আমার কাজেই সারাক্ষণ ডুবে থাকি। এসব ট্যাবলয়েড পত্রিকা আমি পড়িও না। আমি আমার দৈনন্দিন জীবন আর কাজ নিয়ে ভাবতেই বেশি পছন্দ করি।”

গুজবে কান না দিলেও গণমাধ্যমে দিপিকা আর তাকে ‘প্রেমিক জুটি’ হিসেবে উপস্থাপন করাকে মোটেই ভালো চোখে দেখছেন না রানরভির।

“আমার মনে হয়, মানুষ কোনো কারণ ছাড়াই তিলকে তাল বানাতে পছন্দ করে। একসঙ্গে ঘুরলেই কেউ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বে, এই ধারণা খুবই ভুল।”

সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারেও অনেকটা রানভিরের মতোই বক্তব্য দেন দিপিকা। রানভিরকে ‘দেবপুত্র’ অভিহিত করলেও নিজেকে এখনও একা বলেই দাবি করেন এই অভিনেত্রী।

তবে বাস্তবে প্রেমের সম্পর্ক থাকুক আর না থাকুক পর্দায় আরও একবার দিপিকাকে নিজের প্রেমিকার ভূমিকাতেই পাচ্ছেন রানভির। সাঞ্জায় লিলা বানসালির পরবর্তী সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে একসঙ্গে দেখা যাবে তাদের। এছাড়া হোমি আদজানিয়ার সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি ফার্নান্দেজ’-এও ছোট্ট একটি চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দিপিকা।