মোদির শপথে সালমান
২৬ মে ভারতের রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেছে হিন্দি সিনেপাড়ার প্রথম সারির তারকাদের। অভিনেতা সালমান খান এসেছিলেন বাবা সেলিম খানের সঙ্গে। আরও উপস্থিত ছিলেন পরিচালক মধুর ভান্ডারকর এবং ভিভেক ওবেরয়।
অতিথি তারকা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিজেপির তারকা সাংসদরা। হেমা মিলিনি এসেছেন স্বামী ধর্মেন্দ্রকে নিয়ে। বিজেপির আরেক সাংসদ অভিনেত্রী কিরন খেরের স্বামী অভিনেতা অনুপম খেরও ছিলেন। আরও দেখা গেছে শত্রুঘ্ন সিনহা এবং মনোজ তিওয়ারিকেও।
কালো রংয়ের পোশাকে বাবার পাশে বসে ছিলেন সালমান খান। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী পুনম ধিলন।
কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকরকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান মোদি, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি। তবে নিজে চিঠি লিখে মোদির কাছে ক্ষমা চেয়েছেন কিংবদন্তি এই শিল্পী।
২০১৪ সালের ভারতীয় নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ২৮২টি আসন পেয়ে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতের বিনোদন জগতেও মোদির ভক্ত কম নেই। সম্প্রতি মোদির বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
মোদির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল অমিতাভ বচ্চন এবং দক্ষিণি তারকা ও মোদির ‘বন্ধু’ রজনিকান্তকেও। কিন্তু তারা কেন অংশ নেননি তা নিশ্চিত নয়।
