নির্বাচনে ‘ফ্লপ’ হতে চাননি মুনমুন সেন
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে জয়ী সুচিত্রা সেন তনয়া মুনমুন সেন এখন পুরোদস্তুর সাংসদ। তৃণমূল কংগ্রেসের টিকেটে ৬৬ বছর বয়সী এই অভিনেত্রী সিপিআইএমের নয়বার নির্বাচিত সংসদ সদস্য বাসুদেব আচার্যকে পরাজিত করেছেন। সম্প্রতি জানিয়েছেন নির্বাচন নিয়ে তার নানা অনুভূতি ও সাংসদ হিসেবে দায়িত্ব পালনের পরিকল্পনার কথা।
প্রশ্ন: এইবারের নির্বাচনে সাফল্য পাওয়ায় নিশ্চয় বেশ অবাক হয়েছেন?
উত্তর: হ্যাঁ, ঠিক তাই। শুধু আমি নই অন্যরাও অবাক হয়েছে। প্রথমে যখন ভোট গণনা শুরু হয়, আমি বেশ পিছিয়ে ছিলাম। আমি এটা সহ্য করতে পারছিলাম না। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। জীবনে কোনোকিছুতেই আমি পরাজিত হইনি। আমার ফিল্ম ফ্লপ হতে পারে, কিন্তু আমার ক্যারিয়ার কোনো দিন ফ্লপ হয়নি। মাস্টার্স পরীক্ষায় আমি ৫৪.৩ শতাংশ নম্বর পাই। আমি এতে খুবই হতাশ হই এবং পড়ালেখার পাট চুকিয়ে দেই। নির্বাচনে আমার প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। ভোটের দিন সকাল থেকে গুজবও রটে গিয়েছিল যে, সিপিআই-এম জয়ী হতে যাচ্ছে।
প্রশ্ন: দায়িত্ব হাতে পাওয়ার পর আপনার অনুভূতি কী?
উত্তর: আপনি নিশ্চয়ই জানেন, তবু আবারও বলছি, রাজনীতিটা ঠিক আমার ক্ষেত্র নয়। আমার স্বামী ব্যাপারটাতে খুবই খুশি। কিন্তু আমি আমার দায়িত্ব নিয়ে বেশ চিন্তিত। এমন কোনো রাজনৈতিক দল নেই যারা দরিদ্রদের জন্য বড় কোনো পরিবর্তন এনেছে। আমি হয়ত এত সুবিশাল জনগোষ্ঠীর সামান্য একটা অংশকে সাহায্য করতে পারি। কিন্তু যথেষ্ট সংখ্যক মানুষকে সাহায্য করতে না পারার জন্য আমি সবসময় সমালোচিত হব। বাঁকুড়া পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা। তাই সামনের দিনগুলোতে কাজও প্রচুর। আমি বিভিন্ন গোষ্ঠীর প্রগতিশীল তরুণদেরকে কাজে নিতে চাই।
উত্তর: আমি এমন মানুষ খুঁজছি, যারা আমার স্বপ্নটাকে বুঝতে পারবে। আমি বেসরকারি প্রতিষ্ঠান এবং ডাক্তারদের কাছে যাব। ডাক্তাররা ইতোমধ্যে অস্থায়ী হাসপাতাল স্থাপনের জন্য কলকাতা থেকে এগিয়ে এসেছেন। আমরা নার্সদের জন্য কটেজ বানানোর পরিকল্পনাও করছি। বড় আকারে পর্যটন নিয়েও আমরা বাঁকুড়াতে কাজ করতে পারি। স্থানীয়রা বাইরে থেকে মজুর না এনে নিজেরাই এলাকার উন্নয়নে কাজ করতে পারে। এছাড়া বাঁকুড়া শহরকে পরিচ্ছন্ন করতে হবে। ভাবমূর্তিটা খুবই গুরুত্বপূর্ণ। এখানকার খাবার খুবই দারুণ আর মানুষগুলোও খুব ভালো। পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ানোর সময় আমি দেখেছি এখানকার মানুষগুলো কতোটা আন্তরিক আর সভ্য। ছোট ছেলেরা পর্যন্ত হাত জোড় করে নমষ্কার করে। আমি আর আমার মেয়েরা অভিনেত্রী হওয়ার পরও আমাদের কোনো বাজে বা কটু কথার মুখোমুখি হতে হয়নি।
প্রশ্ন: পরিকল্পনামাফিক কাজ শেষ করার ব্যাপারে আপনাকে খুবই উদ্যমী বলে মনে হচ্ছে?
উত্তর: রাজনীতি আর রাজনীতিবিদদের ভাবমূর্তি পরিবর্তন করাটা খুবই জরুরী। সাহায্যের জন্য দুর্নীতির দরকার নেই। হ্যাঁ এটা ঠিক যে, কিছু শিল্পপতি আছেন যাদের ফাইল জলদি ছাড়ানোর প্রয়োজনীয়তা আছে। ঘুষ নেওয়ার পরিবর্তে আপনি বলতে পারেন, “আমার এলাকার উন্নয়ন তহবিলের জন্য একটা চেক দিন।” বাঁকুড়ায় ভারতের অন্যতম বড় কুষ্ঠ হাসপাতাল রয়েছে। কিন্তু সেখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং ডাক্তার নেই। বহু আন্তর্জাতিক সংস্থা আছে যারা তাদের সাহায্য করতে চায়। প্রতিদিনই আমি আমার এলাকার উন্নয়নের জন্য নতুন নতুন পথের সন্ধান পাচ্ছি। নির্বাচনে যদি নাও জিততে পারতাম, তবুও বাঁকুড়ায় ফিরে গিয়ে সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে আমি বদ্ধপরিকর ছিলাম।
প্রশ্ন: এই মুহূর্তে আপনাকে আর কোন চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে না। আপনি কি অভিনয় থেকে স্থায়ীভাবে বিদায় নিতে চাচ্ছেন?
উত্তর: সম্প্রতি আমি আমার মেয়েদের সঙ্গে দুই-তিন দিনের কাজ করেছি। অভিনয়টা আমি মাঝে মাঝে চালিয়ে যেতে চাই। অভিনয় একটা জাদুকরি পেশা। আমি কেন এটা ছেড়ে দেব?
