২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৌমা’ থেকে মন্ত্রী

হিন্দি মেগাসিরিয়ালের সবচেয়ে জনপ্রিয় বৌমা ‘তুলসি’ আজ ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রি। লোকসভা নির্বাচনে বিজেপির টিকেটে অংশ নিয়ে রাহুল গান্ধীর কাছে হেরে গেলেও ২৬ মে মোদি সরকারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন তিনি। অনেকটা উল্কার গতিতেই ছোটপর্দার তারকা থেকে বনে গেছেন দেশের সেরা রাজনীতিবিদদের একজন।

জেনিফার ডি প্যারিস

আইএএনএস-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 11:16 AM

Updated : 13 Oct 2022, 12:08 PM

সময়টা ২০০৩ সাল। ‘কিউ কি সাস ভি কাভি বাহু থি’ সিরিয়ালে অভিনয়ের সুবাদে স্মৃতি ইরানি তখন ঘরে ঘরে পরিচিত। সে সময়ই ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন স্মৃতি।

পরের বছরই ১৪তম লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের কাছে হারতে হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে। স্মৃতিও অংশ নিয়েছিলেন নির্বাচনে কিন্তু হেরে যান কংগ্রেস প্রার্থী কপিল সিবালের কাছে।

৩৮ বছর বয়সী স্মৃতি দিল্লির এক রক্ষণশীল পাঞ্জাবি-বাঙালি পরিবারে বেড়ে উঠেছেন। বিনোদনজগতে আসতে তাকে অনেকটা সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে। জীবনের প্রথম আয় ছিল ২০০ রুপি; তবে আত্মপ্রত্যয়ের ছিল না কোনো ঘাটতি।

১৯৯৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় নাম লেখান স্মৃতি। কিন্তু সাফল্যের সোনার হরিণ ধরা দেয়নি। এরপর পাড়ি জমান মুম্বাইয়ে। পেটের দায়ে ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয়ও কাজ করেছেন।

অবশেষে টিভি সিরিজ ‘উ লা লা’তে কাজ করার সুযোগ পেয়ে যান স্মৃতি। সেখানে তার অভিনয় চোখে পড়ে যায় একতা কাপুরের।

একতা কাপুরের সিরিয়াল ‘কিউ কি সাস ভি কাভি বাহু থি’তে গৃহবধূ তুলসির চরিত্রে অভিনয় তাকে এনে দিয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। বিয়ে করেছেন ছোটবেলার বন্ধু জুবিন ইরানিকে। এখন তিনি দুই ছেলের মা।

বিনোদনজগতের বাসিন্দাদের রাজনীতিতে অংশ নেওয়া ভারতে নতুন কোনো ঘটনা নয়। তবে নতুন সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পাওয়ার নজির খুব বেশি নেই।