২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যান্ডশিল্পীদের নজরুল

“সৃষ্টি সুখের উল্লাসে” নজরুল গান লিখে ভুলে যেতেন কোথায় পড়ে রইলো সেই কাগজ। সুরের বেলায়ও নিয়মের গণ্ডিতে নিজেকেও বাঁধা পড়তে দেননি কোনোদিন। তাই নজরুলগীতিকে নিজের করে নেয়ার সুযোগ অনেক বেশি। আর সেই সুযোগকে কাজে লাগিয়েছেন বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের ব্যান্ডগুলো। নজরুলের গানেই তারা খুঁজে পেয়েছেন অভিব্যক্তি। কেনো?

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 12:45 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

আন্দোলনের হাতিয়ার ‘চল চল চল’।

সময়টা ২০১৩ সালের ফেব্রুয়ারি মাস। যুদ্ধাপরাধীদের উপযুক্ত বিচার চেয়ে ঢাকার শাহবাগ থেকে শুরু হওয়া আন্দোলনের জোয়ারে ভাসছে পুরো দেশ।

“যেহেতু রাজাকারের বিরুদ্ধে পুরো জাতি সোচ্চার হয়েছে, আমরাও প্রতিদিন শাহবাগে যাচ্ছিলাম। ছবির হাটের সামনে আমরা বলতে আর্বোভাইরাস, মেকানিক্স এবং আরও অনেক জুনিয়র মিউজিশিয়ান মিলে নিজেদের টাকা খরচ করে কম সাউন্ড সিস্টেম নিয়ে সারাদিন গান করতে থাকি। সেটা ছোট আকারে শুরু হয় এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। তখন আমাদের জন্য বড় বিষয় ছিলো এক হওয়া।”

আর সাংগঠনিক কোন প্রক্রিয়া ছাড়া এভাবেই সৃষ্টি হয় মিউজিশিয়ান্স অ্যালায়েন্স, জানাচ্ছিলেন মাইলস ব্যান্ডের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল।

এরপর একই মাসের ১৮ তারিখে জুয়েলের মতে, দুহাজার ব্যান্ড মিউজিশিয়ান শহীদ মিনার থেকে মার্চ করে শাহবাগে গিয়ে গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। আর মার্চ করার সময় তাদের গাইতে শোনা যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা রণসংগীত ‘চল চল চল’।

“আমরা ইয়াং ছেলেরা যারা ছিলাম, আমরা চিন্ত করি যে একটা কিছু করা দরকার। একটা মুভমেন্ট করা দরকার আমাদের। তখন অর্থহীন ব্যান্ডের রাফা মার্চ করার প্রস্তাব করে। আমি প্রস্তাব দেই নজরুলের গান গাইতে গাইতে করার।”

জুয়েলই জানালেন এমন প্রস্তাবের কারণ, “নিজেদের গান যদি করতাম, কোনোভাবেই এমন সাড়া পাওয়া যেতো না। আর ওই গানটার প্রতিটা লাইন অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ। গানটার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।”

জুয়েলের মতে নজরুলের গানগুলো খুবই আধুনিক এবং রক ঘরানার সঙ্গে সঙ্গতিপূর্ণ, “আমার ধারণা তিনি এ সময়ে জন্মালে। ব্যান্ড মিউজিককেই সাপোর্ট করতেন। আর তার গানগুলো ডিমান্ড করে রক মিউজিক। মানুষকে দোলা দিতে। উজ্জীবিত করতে পারে।

রক মিউজিকের সঙ্গে মিলে যায় বলে ‘হারানো হিয়া’

‘পলাশ অ্যান্ড ফ্রেন্ডস’ এ বছরেই অনলাইনে একটি অ্যালবাম প্রকাশ করেছে। ‘পিএনএফ’ নামে পরিচিত এ ব্যান্ডটি মূলত রক ধারার অনুসারী। কিন্তু নজরুলের গান কেনো? এ প্রশ্নের জবাবে পলাশ বললেন, ‘বিদ্রোহী কবিতা’ যদি এ সময় হতো, “তিনি (নজরুল) ডেফিনিটলি বলতেন- এটা রক ধারায় করা হোক।”

“তিনি আসলে একজন আধুনিক পুরুষ ছিলেন। তার যে দর্শন, লেখনী-- তা অনেকভাবেই আমাদের অনুপ্রাণীত করে।”

ডিরকস্টার বিজয়ী পলাশ আরও বলেন, “আমাকে ব্যান্ড মিউজিক সবসময় টানত। কোন মিউজিককে আমি ছোট বা বড় করার উদ্দেশ্যে বলছি না। রুচিতো নিজের উপর নির্ভর করে। আর যেহেতু নজরুল সবার, তাই কেউ যদি বলে যে- নজরুল আমার একার। এটাকে আমি সাপোর্ট করবো না।”

আরও একটি নজরুলগীতি সুফি ঢংয়ে গাওয়ারও পরিকল্পনা করেছেন।

পরিবেশনার একটা নির্দিষ্ট ঢং না মেনে নজরুলের গান করার ক্ষেত্রে প্রতিষ্ঠিত শিল্পীদের পরামর্শকে স্বাগত জানালেন তরুণ এই শিল্পী। তার মতে “দূর থেকে কিছু না বলে যদি কাছে গিয়ে বুঝিয়ে বলতেন। কারণ দূরত্ব নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।”

“মারাত্মকভাবে” প্রভাবিত করে, তাই ‘ঝরণার মতো চঞ্চল’

আরেক ডিরকস্টার প্রতিযোগী ব্যান্ড দৃক। ২০১১ সালে তারা শেষ করেন ‘ঝরনার মতো চঞ্চল’ গানটির কাজ। এরপর শ্রোতাদের পছন্দ যাচাই করতে প্রকাশ করেন অনলাইনে।

ব্যান্ডের ড্রামার উপল জানালেন, শ্রোতাদের জন্যই তারা গানটাকে অ্যলবামে রাখার সাহস পাচ্ছেন।

যদিও তাদের এক বড় ভাইয়ের প্রতিক্রিয়ায় হতভম্বই হতে হয়েছিলো নবীন এই ব্যান্ডটিকে। “ড্রাম পার্ট শুরু হতেই তিনি লাফ দিয়ে হেডফোন ছুড়ে ফেলে দেন।”

তার ভাষায়, “সেখান থেকে বুঝলাম গানটা সাধারণ মানুষ নাও নিতে পারে। আমরা তখন সিদ্ধান্ত নিলাম-- ঠিক আছে গানটা আমরা অ্যালবামে রাখব না। অনলাইনে ছেড়ে দিই।”

এরপর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের এক পূর্ণমিলনী অনুষ্ঠানের গাইবার আমন্ত্রণ আসে ওই সময়ে। তারা গানটি প্রথম পারফর্ম করেন সে অনুষ্ঠানে। শ্রোতাদের কাছ থেকে ভালো ইঙ্গিতই পেয়েছিলেন তারা।

উপল আরও বললেন, “সারাজীবনই কবি নজরুলের বানী আমাদের মারাত্মকভাবে প্রভাবিত করেছে। আর ভোকালিস্ট সাইফের হাতেখড়ি হয়েছে নজরুলসংগীতের মাধ্যমে। তাই ব্যান্ড গঠনের পর থেকেই ওর প্রস্তাব অনুযায়ী একটা নজরুলের গান বেছে নেওয়া।”

নজরুলের গানের সুরে বৈচিত্র্য, বাণীর গভীরতা, স্বর প্রক্ষেপণে সুক্ষ্মতা, গানের মেজাজ-- এ ধরনের বিষয়গুলোর প্রতি নজর রাখতে হয়। দৃকও সেসব বিষয়ে হুঁশিয়ার ছিলো। তাই কাজ শুরুর আগে প্রথম কয়েক মাস শুধু আলোচনাতে সময় বয়ে গেছে। শেষে গিটারিস্ট ফাহমি ও মেহরাজের চেষ্টাতেই একটা পথ খুঁজে পাওয়া গেলো। তাদের দুজনের তৈরি ডেমো নিয়েই শুরু হয় প্র্যাকটিস। শেষে একদিন খুজে পায় একটি গ্রুভ। যা বর্তমান গানের ব্যাকগ্রাউন্ডে বেজে চলে। এই গ্রুভটাকেই মূল ধরে একদিন ড্রাম টেক দিয়ে দিলেন উপল। এভাবে পরিণতি পেল গানটি।

তবে শুরুতে মনে সংশয় ছিলো, “আমাদের নজরুলসংগীত গবেষক যারা আছেন, তারা পছন্দ নাও করতে পারেন। কারণ গানটি ‘হেভি মিউজিক, হেভি রিফ’।”

কিন্তু ফাতেমা-তুজ-জোহরার ফোন বদলে দিল দৃশ্যপট। তিনি দৃকের ‘ঝরনার মতো চঞ্চল’ গানটি শুনেছেন এবং তার ভালও লেগেছে। তাই তিনি সোহরাওয়ার্দি উদ্যানে ইটিভির এক অনুষ্ঠানে ওই গানসহ আরও একটি নজরুলসংগীত গাইতে ডাক দিলেন। দৃক বুঝতে পারলো তারা সঠিকভাবেই কাজ করতে পেরেছে।

পথ দেখিয়েছে আর্টসেলের ‘কান্ডারী হুঁশিয়ার’

নজরুলসংগীত নিয়ে কাজ করার পথটি দেখিয়েছে ‘আর্টসেল’। ব্যান্ডটি নজরুলের ‘কান্ডারী হুঁশিয়ার’ গানটি নিজেদের আঙ্গিক মেনে নতুন রূপ দিয়ে ‘রক ৩০৩’ নামের ব্যান্ড মিক্সড অ্যালবামের মাধ্যমে প্রকাশ করে।

বিপুল জনপ্রিয়তা পায় ২০০৯ সালে প্রকাশিত গানটি। সেই সঙ্গে খুলে দেয় নজরুলসংগীত নিয়ে নতুনভাবে কাজ করার দুয়ার।

দলটির ম্যানেজার স্টিভের মতে, প্রেরণার আরেক নাম নজরুল।

ছবি কৃতজ্ঞতা: আর্টসেল, দৃক, পিএনএফ।