প্রচারণায় জাপানি শ্রীদেবি
২৭ জুলাই জাপানে মুক্তি পাবে হিন্দি সিনেমার আশির দশকের সুপারস্টার শ্রীদেবির কামব্যাক মুভি ‘ইংলিশ ভিংলিশ’। আর তাই জাপানি হয়েই সিনেমার প্রচারণায় নেমেছেন তিনি।
তবে সশরীরে নয়, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া শ্রীদেবি-অনিল কাপুর জুটির ‘রূপ কি রানি চোরো কা রাজা’ সিনেমায় জাপানি সাজে ‘রুপ কি রানি’র ফুটেজ ব্যবহার করা হবে ‘ইংলিশ ভিংলিশ’-এর প্রচারণার জন্য।
সেই ফুটেজ ব্যবহার করার জন্য শ্রীদেবির স্বামী এবং প্রযোজক বনি কাপুরের কাছ থেকে অনুমতি নিয়েছে ‘ইংলিশ ভিংলিশ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ইরস ইন্টারন্যাশনাল।
খবরটি নিশ্চিত করে বনি কাপুর বলেন, ‘হ্যাঁ, ঐ সিনেমায় একটি দৃশ্যে জাপানি সাজে সেজেছিল শ্রীদেবি। তার সাজ এতটাই বাস্তবধর্মী হয়েছিল, তাকে জাপানি নারীই মনে হয়েছে। আমি ‘ইংলিশ ভিংলিশ’-এর প্রযোজকদের বলেছি সেই সিনেমার কিছু ছবি ব্যবহার করতে।’
ওদিকে বিশ্বজুড়ে ‘ইংলিশ ভিংলিশ’-এর ব্যাপক গ্রহণযোগ্যতা দেখে যারপরনাই খুশি শ্রীদেবি।
তিনি বলেন, “জার্মানি, কোরিয়া, হংকং এবং তাইওয়ানের পর এবার জাপানে মুক্তি পাবে ‘ইংলিশ ভিংলিশ’, নিঃসন্দেহে বিষয়টি গর্ব করার মতো। ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের মাঝে সিনেমাটির প্রতি আগ্রহ দেখে আমি খুবই উৎসাহিত বোধ করছি।”
‘ইংলিশ ভিংলিশ’-এর কাহিনি গড়ে উঠেছে একজন মধ্যবয়স্ক ভারতীয় নারীকে নিয়ে, সিনেমাটি পরিচালনাও করেছেন একজন নারী।
নিজের পরিচালিত সিনেমার আন্তর্জাতিক সাফল্যের হাওয়া ছুঁয়েছে নির্মাতা গৌরি শিন্ডেকেও।
“আমি খুব বেশি উৎফুল্ল। ২০১৩ সালে টোকিওতে সিনেমাটির প্রচারণার সময় আমি উপস্থিত ছিলাম। জাপানিদের আগ্রহ দেখে এরপর পরিবেশকরা সিদ্ধান্ত নেন আরও বেশি সংখ্যক সিনেমা হলে ‘ইংলিশ ভিংলিশ’ মুক্তি দেওয়া হবে।”
২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি জাপানি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হচ্ছে।
