২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানে সেরা ‘উইন্টার স্লিপ’

৬৭তম কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার পাম দ’র জিতেছে তুর্কি সিনেমা ‘উইন্টার স্লিপ’। প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৭টি সিনেমাকে পেছনে ফেলে এ সম্মান অর্জন করেছে নুরি সেইলান বিল্জের এই সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 01:31 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

তুরস্কের বরফে ঢাকা পাহাড়ি এলাকায় একটি পরিবারের একটি হোটেল চালানোর গল্প ‘উইন্টার স্লিপ’।

তুর্কি সিনেমার শতবর্ষে জেতা এ সম্মানকে পরিচালক উৎসর্গ করেন তুরস্কের তরুণ, যারা গতবছর প্রাণ হারিয়েছেন।

‘উজাক’, ‘ক্লাইমেটস’, ‘থ্রি মানকিস’ এবং ‘ওয়ান্স আপন আ টাইম ইন অ্যানাটোলিয়া’ সিনেমার জন্য এর আগেও কানে পুরস্কৃত হয়েছেন এই পরিচালক।

‘সেরা অভিনেতা’র খেতাবে ভূষিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা টিমোথি স্প্যাল। মাইক লেই পরিচালিত ‘মি. টার্নার’ সিনেমায় ব্রিটিশ চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয়ের জন্য এ সম্মান পেলেন তিনি। পুরস্কার গ্রহণের পর স্প্যাল জানা্ন, তাকে টার্নারের চরিত্রে নির্বাচনের কারণ হল, টার্নার ছিলেন একজন ‘মজার দেখতে মোটা লোক, আমিও তাই’।

‘সেরা অভিনেত্রী’ নির্বাচিত হয়েছেন মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর। ডেভিড ক্রোনানবার্গের সিনেমা ‘ম্যাপস টু দ্য স্টারস’-এ অভিনয়ের জন্য এ সম্মানে ভূষিত হলেন তিনি।

মার্কিন জীবনীভিত্তিক সিনেমা ‘ফক্সক্যাচারে’র জন্য ‘সেরা পরিচালক’ হিসেবে সম্মানিত হয়েছেন বেনেট মিলর। দুর্নীতি নিয়ে রুশ সিনেমা ‘লেভিয়াথানে’র চিত্রনাট্য সেরা বলে বিবেচিত হয়েছে।

আসরের কনিষ্ঠতম এবং জ্যেষ্ঠ পরিচালক পুরস্কার ভাগ করে নিয়েছেন জুরি প্রাইজ। ২৫ বছর বয়সী কানাডীয় পরিচালক জেভিয়ার ডোলান তার ‘মমি’ সিনেমার জন্য এবং ৮৩ বছর বয়সী ফরাসি পরিচালক জঁ লুক গদার তার ‘গুডবাই টু ল্যাঙ্গুয়েজ’ সিনেমার জন্য একসঙ্গে জিতেছেন এ পুরস্কার।