মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে তারকারা
২৬ মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বর সঙ্গে সেখানে ভারতের চলচ্চিত্রজগতের রাঘব বোয়ালরাও উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।
এক সূত্রের বরাত দিয়ে জি মিডিয়া ব্যুরো বলছে, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অভিনেতা রজনিকান্ত, অমিতাভ বচ্চন, সালমান খান এবং ভিভেক ওবেরয়কে।
সিনেপর্দার প্রথমসারির এই অভিনেতাদের গুজরাতের মূখ্যমন্ত্রীর সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ ছিল। বিশেষ করে মোদি সমর্থক হিসেবে যাদের নাম উঠে আসে, তাদের মধ্যে শুরুতেই শোনা গেছে এদের নাম।
গুজরাট ট্যুরিজমের হয়ে বেশ কয়েক বছর ধরে নিয়মিত কাজ করছেন অমিতাভ, অপরদিকে ভোটের আগে চেন্নাইতে সফরকালে রজনিকান্তের বাসায় গিয়ে দেখা করেন মোদি।
চলতি বছরের শুরুতে গুজরাটে এক ঘুড়ি উৎসবে মোদির সঙ্গে অংশ নেন অভিনেতা সালমান খান। এমনকি তার বাবা সেলিম খান মোদির নামে একটি উর্দু ওয়েবসাইটও খুলেছেন।
মোদির প্রতি নিজের আস্থার কথা বেশ সহজভাবেই জানিয়েছেন ভিবেক ওবেরয়।
ছবি: ডেকান ক্রনিকল।
