লন্ডনে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল
রেইনবো ফিল্ম সোসাইটির লন্ডন শাখা আয়োজিত ১৫তম রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ২৫মে। এবার বাংলাদেশি তিন সিনেমা ‘আকাশ কত দূরে’, ‘মৃত্তিকার মায়া’ও ‘জোনাকীর আলো’ দেখানো হবে পাঁচদিনের এই উৎসবে।
উত্সবের উদ্বোধনী চলচ্চিত্র বিদ্যা বালান ও ফারহান আখতার অভিনীত ‘শাদি কা সাইড ইফেক্ট’। বাংলাদেশ-যুক্তরাজ্য যৌথ প্রযোজনার সিনেমা ‘ফ্লোটিং ম্যান’সহ আরও ১২টি এশিয়ান চলচ্চিত্র প্রদর্শীত হবে তিনটি ভেনুতে।
বাংলাদেশি সবগুলো চলচ্চিত্র দেখা যাবে হ্যানবেরি স্ট্রিটের ব্রড আর্টস সেন্টারে।
উত্সবের দ্বিতীয় দিন দেখানো হবে ‘আকাশ কত দূরে’। সাংবাদিক সামিয়া জামান পরিচালিত দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। তিনি এর আগে নির্মাণ করেন ‘রাণী কুঠির বাকি ইতিহাস’ যেটি ২০০৭ সালে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
‘আকাশ কত দূরে’ এক হতভাগ্য কিশোরের গল্প। ১ ঘন্টা ২৩ মিনিটের সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ্জাক, শর্মীলী আহমেদ, অঙ্কন, ফরিয়া, মোস্তফা প্রকাশসহ আরও অনেকে।
‘জোনাকীর আলো’, খালিদ মাহমুদ মিঠুর দ্বিতীয় সিনেমা। চিত্রশিল্পী মিঠু ‘গহীনে শব্দ’ নামে আরও একটি চলচ্চিত্র নির্মাণ করেন, ২০১০ সালে। চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি।
‘জোনাকীর আলো’ সিনেমাটিতে অভিনয় করেছেন ইমন, বিদ্যা সিনহা সাহা মীম, কল্যাল কোরাইয়া, তারিক আনামা, দিতিসহ অনেকে।
‘মৃত্তিকা মায়া’ পরিচালনা করেছেন নাট্যব্যক্তিত্ব গাজী রাকায়েত। এর আগে তিনি নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র‘ঘুণ’ ও ‘জীবনমৃত’।
১ ঘন্টা ২৮ মিনিটের ‘মৃত্তিকার মায়া’য় অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, তিতাস জিয়া এবং আরও অনেকে।
তিনটি চলচ্চিত্রই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত।
এবারের উত্সবে আরও দেখানো হবে আজারাবাইজান, ইরান, ইরাক, ফিলিপিন্স, শ্রীলংকার চলচ্চিত্র।
প্রদর্শনীর তালিকায় রয়েছে নানা উত্সবে পুরস্কারপ্রাস্ত সিনেমা ‘আবর্ত’, ‘অদম্য’, ‘শ্রী পেরাকুম’, ‘রূপকথা নয়’, ‘হাশ গার্লস ডোন্ট স্ক্রিম’।
