বাবাকে হারালেন অপু বিশ্বাস
দুই মেয়ে মিলি ও লতা বিশ্বাসের পর অপুর বিয়েতে ‘ধুন্দুমার কাণ্ড’ করবেন বলে স্বপ্ন দেখছিলেন বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস। পরিবারের সবার ছোট অপুর বিয়ে নিয়ে নানা পরিকল্পনা ছিল তার। মেয়েকে নিজের হাতে ‘রাজপুত্রে’র হাতে তুলে দেবেন বলে ‘স্বপ্ন’ দেখছিলেন তিনি।
কিন্তু কিছুই হল না। বুধবার রাত ১১টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান চিত্রনায়িকা অপুর বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বাবাকে হারিয়ে শোকাতুর অপু বিশ্বাস এক সপ্তাহ কোনো শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে পরিচালকদেরও ‘বিনীত অনুরোধ’ করছেন তিনি।
অপুর আত্মীয় শেলী বিশ্বাস গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন।
অপু সম্প্রতি বদিউল আলম খোকনের ‘হিরো-দ্য সুপারস্টার’ সিনেমার শুটিং করছিলেন। এটি শাকিব খান প্রযোজিত প্রথম সিনেমা।
বদিউল আলম খোকন গ্লিটজকে জানান, বুধবার অপু সারাদিনই সিনেমার শুটিং করছিলেন। কথা ছিল, শুক্রবার শুটিংয়ের কাজে ব্যাংককে উড়াল দেবেন সদলবলে। কিন্তু রাতে বাবার অসুস্থতার খবর শুনেই বগুড়া ছুটে যান তিনি। পথেই বাবার মৃত্যুসংবাদ শুনতে হয় তাকে।
খোকন জানান, অপুর ‘অনুরোধে’ সিনেমার শুটিং এক সপ্তাহ পিছিয়ে দিয়েছেন তিনি। এরপর শাকিব খান ও অপুকে নিয়ে তিনি ব্যাংককে গিয়ে সিনেমার বাকি কাজ শেষ করবেন।
সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানান তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খান ও অপু অভিনীত ‘ভালোবাসা এক্সপ্রেস’ সিনেমাটি। শাকিব খানের বিপরীতে অপু এখন অভিনয় করছিলেন ওয়াকিল আহমেদের ‘শোধ’ সিনেমাতে।
