প্রাচ্যনাটের নতুন নাটক ‘বনমানুষ’
নাট্যদল প্রাচ্যনাট মঞ্চে আনছে তাদের নতুন নাটক ‘বনমানুষ’। আইরিশ-আমেরিকান নাট্যকার ইউজিন ও'নিলের নাটক ‘দ্য হেয়ারি এপ’-এর বঙ্গানুবাদ ‘বনমানুষ’। প্রাচ্যনাটের ২৭তম এ প্রযোজনার নির্দেশনা দিচ্ছেন বাকার বকুল।
মূল নাটক ‘দ্য হেয়ারি এপ’- এ পুঁজিবাদকে কটাক্ষ করেছিলেন ও'নিল। ‘বন মানুষ’ নাটকে পুঁজিবাদের পাশাপাশি সাম্রাজ্যবাদ ও নব্য-উপনিবেশিকতার ইঙ্গিতও দেওয়া হয়েছে বলে জানালেন পরিচালক।
নিউইয়র্ক থেকে যাত্রা করা একটি জাহাজের খালাসিদের নিয়েই নাটকটির গল্প এগোয়। গনগনে চুল্লিতে কয়লা ঢেলে যারা জাহাজকে সচল রাখে তাদের জীবনের পাওয়া-না পাওয়া আর শ্রেণিবৈষ্যমের জঘন্য রূপ উঠে এসেছে এই নাটকে।
বাকার বকুল বলেন, “জাতিগত পর্যায় থেকে পরিবার কিংবা ব্যক্তিগত পর্যায়ে ঢুকে পড়েছে পুজিঁবাদ। পুঁজিবাদ এখন নাম বিশ্বায়নের নামে নতুন এক ধাপ্পা দিচ্ছে বিশ্ববাসীকে। এটা আসলে উপনিবেশিকতার সূক্ষ্ম কৌশল। ‘বনমানুষ’ নাটকে এই অপকৌশলের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে জনতা।”
নাটকের কেন্দ্রীয় চরিত্র জাহাজের খালাসি ইয়াংক। কালি মাখা অবস্থায় তাকে বনমানুষের মতো মনে হয়। জাহাজ মালিকের মেয়ে মিলড্রেড ডগলাস জাহাজের খোলে ভয়ংকরদর্শন ইয়াংককে দেখে চিৎকার করে ওঠে। ইয়াংক যখন বুঝতে পারে তাকে দেখেই ভয় পেয়েছে ডগলাস, তখন পুঁজিপতিদের প্রতি তীব্র এক ঘৃণা জন্ম নেয় তার মধ্যে। পুঁজিপতিদের সাম্রাজ্যে হানা দেওয়ার স্বপ্ন দেখে সে।
জাহাজ বন্দরে ভিড়লে সহকর্মীকে নিয়ে শহরে ঘুরতে বের হয় ইয়াংক। শহরের জৌলুস ও উচ্চবিত্তের জীবনধারা তাকে ক্ষিপ্ত করে তোলে। সে নানা উদ্ভট কর্মকাণ্ড শুরু করে দেয়। এক পর্যায়ে বিরক্ত শহরবাসী তাকে জেলে দেয়।
কিন্তু জেল থেকে পালিয়ে যায় ইয়াংক। সে চলে যায় চিড়িয়াখানায়। বনমানুষের খাঁচার কাছে গিয়ে জন্তুটাকে ডাক দেয়। জন্তুটার সঙ্গে হাত মেলাতে যায় সে।
শনিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রথমবারের মতো মঞ্চস্থ হবে নাটকটি।
