২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টম ক্রুজের চেয়েও ধনী শাহরুখ!

শাহরুখ খান হলেন ভারতীয় ফিল্মি জগতের একমাত্র অভিনেতা যাকে বলা হচ্ছে মার্কিন অভিনেতা টম ক্রুজ এবং জনি ডেপের চাইতেও বিত্তশালী! সম্প্রতি এমনই এক তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইট ওয়েলথএক্স।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 04:09 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

প্রায় ২৬ বছরের ক্যারিয়ারে ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ, বেশ কয়েকটি নামি পণ্যের দূত তিনি আর সেই সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেট টিমের মালিক।

ওয়েলথএক্সের দেওয়া হিসাব অনুযায়ী শাহরুখের বর্তমানে ৬০ কোটি মার্কিন ডলার সমমূল্যের সম্পদের মালিক তিনি। ভারত এবং যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র তারকাদের এই তালিকায় ৪৮ বছর বয়সী শাহরুখ রয়েছেন দ্বিতীয় স্থানে। খুব সহজেই তিনি ডিঙিয়ে গেছেন টম ক্রুজ এবং জনি ডেপের মতো হলিউড মহারথীদের।

সম্প্রতি ফোর্বস ইন্ডিয়া পত্রিকা প্রকাশিত সবচেয়ে ধনী ভারতীয় তারকার তালিকায় হিসেবে প্রথম হয়েছিলেন শাহরুখ। ২০১৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত, প্রতিটি সিনেমা বাবদ ২২ কোটি ৫ লক্ষ রূপি পেয়েছেন তিনি।

ওয়েলথএক্সের এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন মার্কিন কমেডিয়ান জেরি সাইনফিল্ড, যার সম্পদের মূল্য ৮২ কোটি ডলার। আর শাহরুখের পড়েই আছেন ক্রুজ। ‘মিশন ইম্পসিবল’খ্যাত এই তারকার সম্পদের পরিমাণ ৪৮ কোটি ডলার।

৪৫ কোটি ডলার সম্পদ নিয়ে চার নম্বরে জায়গা পেয়েছেন অভিনেতা, নির্মাতা টাইলার পেরি। পঞ্চম স্থানে রয়েছেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সম্পদের পরিমাণও ৪৫ কোটি ডলারের কাছাকাছি।

এই তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছে আরও কয়েকটি নাম-- অস্কারজয়ী অভিনেতা জ্যাক নিকলসন (৪০ কোটি), টম হ্যাঙ্কস (৩৯ কোটি) এবং ক্লিন্ট ইস্টউড (৩৭ কোটি)। 

প্রত্যেক তারকার ব্যবসা এবং বিনিয়োগ করা অর্থসহ স্থাবর, অস্থাবর সম্পত্তির পরিমাণ হিসাব করে এই তালিকা তৈরি করেছে ওয়েবসাইটটি। ওয়েলথএক্স হল এমন একটি ওয়েবসাইট, যারা পৃথিবীর ধনী ব্যক্তিদের ধনসম্পদের হিসাব নিয়মিত সংরক্ষণ করে থাকে।

হিন্দি সিনেমায় ধনী তারকাদের মধ্যে শাহরুখের পরপরই উঠে আসে যার নাম, তিনি হলেন সালমান খান। একেকটি সিনেমার জন্য ১৫ কোটি ৭৫ লক্ষ রূপি নিয়ে থাকেন তিনি, সেই সঙ্গে সিনেমাপ্রতি নির্দিষ্ট লভ্যাংশ তো আছেই।

বয়সের কোঠা সত্তর ছুঁলেও সবচেয়ে দামি হিন্দি তারকাদের মধ্যে তিন নম্বরে আছেন অমিতাভ বচ্চন। একেকটি সিনেমার জন্য বিগ বি নিচ্ছেন ১৪ কোটি ৭৫ লক্ষ রূপি। তারপরেই রয়েছেন ‘খিলাড়ি’ আকশায় কুমার, সিনেমাপ্রতি যার আয় ১১ কোটি ৮১ লক্ষ।

নতুন প্রজন্মের নায়কদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন রানবির কাপুর, প্রতি সিনেমার জন্য ৬ কোটি ৮৫ করে নিচ্ছেন তিনি।

হিন্দি চলচ্চিত্র শিল্পে পারিশ্রমিকের ব্যাপারে এখনও প্রবলভাবে দেখা যায় নায়িকাদের প্রতি বৈষম্য। রূপালি পর্দায় নিয়মিত না হলেও বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন কারিনা কাপুর, যিনি ‘হিরোইন’ সিনেমার জন্য নিয়েছিলেন ৮ কোটি রুপি। এছাড়া প্রতিটি পণ্যের দূত হওয়ার জন্য প্রায় ৫ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। কারিনাকে ডিঙিয়ে যাবার জন্য উঠেপড়ে লেগেছেন নতুন বক্স অফিস কুইন দিপিকা পাড়ুকোন, যিনি সিনেমাপ্রতি আয় করছেন প্রায় সাড়ে চার কোটি রুপি।

ক্যাটরিনা কাইফের অভিনয় দক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও তা তার বাজারদরে প্রভাব ফেলেনি। সিনেমাপিছু তার আয় ৪ কোটি রুপি।

নায়িকা এবং গায়িকা হিসেবে আন্তর্জাতিকভাবে খ্যাতি পাবার পর প্রিয়াঙ্কা চোপড়া এখন দর হাঁকাচ্ছেন ৩ কোটি ৬৫ লাখ রুপি।