২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশকে চেনাতে হয়নি’

একদিকে চলে প্রদর্শনী, অন্যদিকে বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম বাজার ‘মার্শ দু ফিল্ম’ও জমজমাট। এই মার্শ দু ফিল্মেরই অংশ হিসেবে শুরু হয়েছে উদীয়মান নির্মাতাদের আয়োজন ‘লা ফ্যাব্রিক সিনামা দু মঁদ’-এর নানা আয়োজন।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 04:04 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

প্রথম এবং একমাত্র বাংলাদেশি নির্মাতা হিসেবে এবারের এই আয়োজনে অংশ নিয়েছেন কামার আহমেদ সাইমন। প্যরিসে ‘গ্রাঁ পি’ বিজয়ী ‘শুনতে কি পাও’  ছবির এই তরুণ নির্মাতা অংশগ্রহণের নানাদিক নিয়ে কথা বলেছেন গ্লিটজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন চিন্তামন ‍তুষার। 

গ্লিটজ: কেমন চলছে লা ফ্যাব্রিক?

কামার: প্রোগ্রামটা শুরু হয়েছে ১৪ মে থেকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে নানান আয়োজনে। দশটা আমন্ত্রিত স্ক্রিপ্ট নিয়ে কোথায় কীভাবে কোলাবরেশন করা যায় এটাই মূল বিষয়। এছাড়া আমাদের সিনেমা-ভাবনা নিয়ে তাদের পছন্দ অপছন্দের কথাও জানাচ্ছেন খোলাখুলিভাবে।

গ্লিটজ: ‘লা ফ্যাব্রিক সিনামা দু মঁদ’ বিষয়টা আসলে কী? 

কামার: সিনামা দু মঁদ মানে ‘বিশ্বের সিনেমা’। কানে ‘মার্শ দ্যু ফিল্ম-এর অংশ হিসেবে ইন্সটিটিউট ফ্রান্সিসের আয়োজনে গত ছয় বছর ধরে বসছে নবীন নির্মাতাদের এই আসর।

কানে যেসব দেশ সরব না, কিন্তু প্রতিভাবান নির্মাতা যারা ইতোমধ্যে বিশ্ব সিনেমায় পা রেখেছেন এ রকম নির্মাতাদের কাছ থেকে চিত্রনাট্য চাওয়া হয় প্রাথমিকভাবে। এরপর এই স্ক্রিপ্টগুলা নিয়ে দশদিনব্যাপী মিটিং কার্যক্রম। এমনকি লাঞ্চের সময়… এই যে আপনার সঙ্গে কথা বলছি, এর মধ্যেও চলছে প্রডিউসার, ডিরেক্টর, ডিস্ট্রিবিউটরদের সঙ্গে আড্ডা।

গ্লিটজ: আপনার সিনেমাটি কেমন হবে?

কামার: এটা প্রচলিত অর্থে তারকা-নির্ভর ফর্মুলা ছবি না। আমার চারপাশের ঘটনা নিয়েই আমার সিনেমার কাহিনি। কেউ এটাকে দেখবেন ডকুমেন্টারি হিসেবে কেউ দেখবেন ফিকশন হিসেবে। আমি বলছি স্রেফ ছবি, বা ইনডিপেনডেন্ট সিনেমা।

গ্লিটজ: ইনডিপেনডেন্ট সিনেমার তো নানা ধরনের সংজ্ঞায়ন রয়েছে...

কামার: আমাদের কাছে বিষয়টা এমন-- প্রচলিত বাণিজ্যিক স্টুডিও বা প্রযোজনা সংস্থার মাধ্যমে না করে আমরা স্বাধীনভাবে সিনেমা নির্মাণ করি, মূলত নিজেদের তাগিদেই কাজ করি। যারা আমার ‘শুনতে কি পাও’ সিনেমাটি দেখেছেন তারা বুঝতে পারবেন...।

গ্লিটজ: অনেকেই বলেছেন সেখানে ডকুমেন্টারি আর ফিকশনের সম্মিলন ঘটেছে।

কামার: ঠিক, সিনেমাটি নির্মাণে আমি ডকুমেন্টারি ও ফিকশন-- দুটো ধারার নিয়মই মেনেছি। তবে সম্পূর্ণ ব্যাকরণ ধরে করেছি, তা না। ব্যাপারটা হচ্ছে, আমি চারপাশ নিয়ে কী উপলদ্ধি করি, তারই প্রতিফলন হচ্ছে আমার সিনেমায়। তবে আমার সিনেমা দেখে দর্শক আনন্দ পাচ্ছে কি না, শিহরিত হচ্ছে কি না, আমার নজর কিন্তু সেদিকেও থাকছে।

গ্লিটজ: রেড কাপের্টের অভিজ্ঞতা কেমন হল?

কামার: রেড কাপের্টে হাঁটার অনুভূতিটা বেশ মজার, তাছাড়া আমার খুব প্রিয় ব্রাজিলিয়ান একজন নির্মাতা ওয়াল্টার সালেস ছিলেন আমাদের সঙ্গে। যারা তার ‘সেন্ট্রাল স্টেশন’, বা ‘দ্য মটর সাইকেল ডায়েরি’ বা ‘অন দ্য রোড’ দেখেছেন তারা বুঝবেন, কোন জাতের নির্মাতা তিনি। তিনি ছিলেন এবারের লা ফ্যাব্রিকের মেন্টর। কানের মতো বিশাল একটা জায়গায় নিজের কাজ নিয়ে দেশের পরিচয় দিয়ে হাঁটছি, সেটাও অন্যরকম। গ্লিটজ: বাংলাদেশের একটিমাত্র ছবি ‘মাটির ময়না’, কান উৎসব দেখানো হয়েছিল। পরিচালক তারেক মাসুদের সঙ্গে আপনার সংযোগের কথা জানি...

কামার: আসলে তারেক মাসুদের সঙ্গে আমার পরিচয় হয় ‘মাটির ময়না’ সিনেমার মাধ্যমেই। সিনেমাটি হলে দেখার পর আমি তাকে খুঁজে বের করি। এরপর তার মৃত্যুর আগ পযর্ন্ত আমি তার খুব কাছাকাছি থেকেছি। ঘনিষ্ঠতা চলে যায় অন্য পর্যায়ে। তার ‘কাগজের ফুল’ নির্মাণের আড়াই বছরের মতো সময়ে তার প্রধান সহকারী হিসেবে আমি তার সঙ্গে কাজ করারও সুযোগ পাই। 

গ্লিটজ: কান থেকে আপনার প্রত্যাশা কী?

কামার: সত্যিকারের কোনো নির্মাতাই কিন্তু কোনোকিছু পাওয়ার আশায় কোনোকিছু নির্মাণ করেন না।  সৎ নির্মাতা সবসময় একটা তাড়না থেকে সিনেমা বানান। আমি ভালোভাবে সিনেমা বানাতে পারলে, ভালো দর্শকের কাছে নিয়ে যাওয়া ছাড়া আর কিছু আশা করি না।

গ্লিটজ: কানের অংশগ্রহণের পর তার কী প্রভাব দেখা যাবে আপনার সিনেমায়?

কামার: স্ক্রিপ্ট পরিবর্নের কোনো সুযোগ নেই। প্রভাব মূলত পড়বে এক্সিকিউশনে, নির্মাণের পর্যায়ে। এখানে এসে অনেকের সঙ্গে পরিচয় হল, কথা হল। গ্লোবাল সিনটা বোঝা গেল... বুঝতে পারলাম বাকি বিশ্ব কোথায়, আর আমরা কোথায়।

গ্লিটজ: তাদের কাছে বাংলাদেশের পরিচয় দিয়েছেন কীভাবে?

কামার: এখানে যারা এসেছেন তারা কমবেশি আগেই আমার ‘শুনতে কি পাও!’ সিনেমাটি দেখেছিল। তাই আলাদা করে আর বাংলাদেশকে চেনাতে হয়নি।