অবশেষে ঐশ্বরিয়া
কথায় বলে, সবুরে মেওয়া ফলে। এই প্রবাদের যথার্থতা আক্ষরিকভাবেই প্রমাণ করলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দেরিতে হলেও কান চলচ্চিত্র উত্সবে রাজসিক আবির্ভাবই হয়েছে সাবেক এই বিশ্বসুন্দরীর।
ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, হালকা চোখের সাজ আর পরনে রবার্তো কাভালির লম্বা ঝুলের সোনালি সান্ধ্যপোশাক-- সবমিলিয়ে ঐশ্বরিয়াকে এতটাই আকর্ষণীয় দেখাচ্ছিল যে, অনেকেই বলছেন এটাই এখনও পর্যন্ত তার সেরা কান-সাজ।
তার সাজে মুগ্ধ স্বামী অভিষেক বচ্চনও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন--
আকাশপথে ধর্মঘটের কারণে এবারের কান চলচ্চিত্র উত্সবে দেরিতে যোগ দিয়েছেন ঐশ্বরিয়া। মঙ্গলবার জ্যঁ পিয়ের দারদেন এবং লুক দারদেনের সিনেমা ‘টু ডেইজ ওয়ান নাইট’-এর প্রদর্শনীতেই ঘটে তার রেড কার্পেট অভিষেক।
ফ্লোরেন্সভিত্তিক ফ্যাশন ডিজাইনার রবার্তো কাভালির এই সান্ধ্যপোশাক পরা প্রথম তারকা নন ঐশ্বরিয়া। একই পোশাক পরে চলতি বছরের অস্কার আসরে উপস্থিত হয়েছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ক্রিস্টেন চেনোয়েথ।
একমাত্র সন্তান আরাধিয়ার জন্মের পর তার মুটিয়ে যাওয়া নিয়ে কথা কম হয়নি। তারপরও নিজেকে আকর্ষণীয়ভাবেই উপস্থাপন করতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী।
২০১৩ সালের কানের উদ্বোধনী আসরেও প্রশংসিত হয়েছিল তার সাজ; সেবার কাল রংয়ের এলি সাব সান্ধ্যপোশাক পরে রেড কার্পেটে হেঁটেছিলেন তিনি।
লরিয়ালের দূতিয়ালি করার পাশাপাশি এবারের উত্সবে অ্যাশের যোগদানের পেছনে রয়েছে একটি মানবিক কারণও। এইডস নিয়ে গবেষণা করে এমন একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তিনি। বৃহস্পতিবার স্বামী অভিষেককে নিয়ে অ্যামফার নামের ওই প্রতিষ্ঠানের একটি দাতব্য অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করবেন তিনি।
