দাদির সঙ্গে রানবির
‘প্রেমিকা’ ক্যাটরিনা কাইফকে নিয়ে নতুন কোনো গুজব কিংবা নতুন কোনো সিনেমায় অভিনয়ের সুযোগ- ভারতীয় গণমাধ্যমগুলোতে কোনো না কোনোভাবে শিরোনামে ঠাঁই করে নেন রানবির কাপুর।
তবে এবার শিরোনাম হওয়ার কারণটা একেবারেই ভিন্ন। সম্প্রতি দাদি কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন হাল সময়ের এই ব্যস্ত তারকা।
দাদি এবং নাতির আদুরে মুহূর্ত শৈশবে অহরহ দেখা গেলেও এ সময়ের ব্যস্ততম তারকাদের একজনের সঙ্গে এমন মুহূর্ত আজ অনেকটাই দুর্লভ। আর তাই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ভুলেননি রানবিরের মা নিতু সিং।
আর বিশেষ এই ছবিটি সঙ্গে সঙ্গেই নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন এই অভিনেত্রী।
তবে এক সূত্রের বরাত দিয়ে জি মিডিয়া ব্যুরো বলছে পারিবারিক এই আয়োজনে নিমন্ত্রণ পেয়েছিলেন রানবিরের ‘প্রেমিকা’ ক্যাটরিনাও।
সবেমাত্র আনুরাগ কাশ্যাপের পরিচালনায় ‘বোম্বে ভেলভেট’-এর শুটিং শেষ করেছেন রানবির, যেখানে তার বিপরীতে দেখা যাবে আনুশকা শার্মাকে। পাশাপাশি কাজ করছেন কমেডি ধাঁচের সিনেমা ‘জাগগা জাসুস’-এ, যেখানে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
