২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিবিরোধী টুইট করে বিপাকে

ভারতীয় নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মতপ্রকাশ করেছেন অনেক তারকাই। এমনকি তারকাদের ভুয়া অ্যাকাউন্ট খুলেও নির্বাচন নিয়ে নানা মন্তব্য প্রকাশের ঘটনাও ঘটেছে। তবে নরেন্দ্র মোদিকে নিয়ে টুইট করে রীতিমতো বিপাকে পড়েছেন ‘রানঝানা’ ও ‘তান্নু ওয়েডস মান্নু’খ্যাত অভিনেত্রী সোয়ারা ভাস্কার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 12:44 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

মোদির নেতৃত্বে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর ২০০২ সালে গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গার প্রসঙ্গ তুলে টুইট করেন এই অভিনেত্রী। কিন্তু এর ফল ভালো হয়নি।

টাইমস অফ ইন্ডিয়া বলছে, সোয়ারার টুইটের উপর বিদ্বেষমূলক কমেন্টের বন্যা বইয়ে দেন মোদিভক্তরা। অসংখ্য ক্ষুব্ধ টুইটার ব্যবহারকারী তাকে গালিগালাজ করেন এবং তার চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন।

এর প্রতিক্রিয়ায় সোয়ারার টুইট ছিল, “না আমার কোনো মুসলমান প্রেমিক নেই। আমার মাথায় বুদ্ধি আছে, আমার শিক্ষা আছে এবং আমার নিজের মতামত প্রকাশের অধিকার আছে। দুঃখিত, কারণ আমি চিন্তা করে কাজ করি। আর হ্যাঁ, আমি ভোট দিয়েছি।”

সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে টুইটারে লড়াই চলেছে দুই অভিনেত্রী সোনাম কাপুর এবং সুচিত্রা কৃষ্ণমূর্তির মধ্যেও।

১৬ মে সুচিত্রা টুইট করেন অভিনেত্রী কিরন খের এবং গুল পানাগকে নিয়ে। রাজনীতিতে ভারতীয় অভিনেত্রীদের সক্রিয় ভূমিকাকে সমর্থন করে তিনি লেখেন, “ভারতের এখন শক্তিশালী নারী এবং মা প্রয়োজন, আবেদনময়ী কাউকে নয়।”

কিন্তু তার এই টুইট কিছুটা বদলে দিয়ে রিটুইট করে ‘বলিউড গান্ডু’ নামের একটি টুইটার পেইজ।

এরপর সুচিত্রা এবং বলিউড গান্ডু উভয়কে বিদ্রূপ করে টুইট করেন অভিনেত্রী সোনাম কাপুর। যেখানে তিনি লেখেন, “নারীরাই এখন নারীদের প্রধান শত্রু।”

অবশেষে সোনামের এই টুইটের জবাব সুচিত্রা এভাবে দেন— “আসলেই কথা সত্যি। আর তাই তুমি যদি কখনও রাজনীতিতে সক্রিয় হতে চাও, তবে নিজের গায়ে খানিকটা কাপড় জড়িয়ে এসো।”

সুচিত্রার এহেন বক্তব্যে মুখ খোলেননি কিরন খের কিংবা গুল পানাগ। তবে সমালোচনা করেছেন কিরনের স্বামী অনুপম খেরসহ আরও অনেকে। অবশেষে টুইটারেই ক্ষমা চান সুচিত্রা।