অ্যাভেঞ্জার হতে চান জ্যাকম্যান
ক্যাপ্টেন আমেরিকা, আয়রনম্যান, থর আর হাল্কের সঙ্গে যদি আঙুলের ফাঁকে ছুরির ফলা আর লোহার মতো দুর্ভেদ্য দেহ নিয়ে উলভারিনও যোগ দেন দুনিয়া বাঁচানোর লড়াইয়ে তাহলে কেমন হয়? এমনই অ্যাভেঞ্জার্স দলকে সিনেমার পর্দায় দেখতে চান খোদ ‘উলভারিন’ হিউ জ্যাকম্যান।
জ্যাকম্যান বললেন, এক্সম্যান উলভারিনকে ‘দ্য অ্যাভেঞ্জার্স’ সিরিজে যুক্ত করে বানানো সিনেমা হবে তার ‘স্বপ্নের’ সিনেমা!
“উলভারিনকে আমি ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এ দেখতে চাই। আমার মনে হয় অ্যাভেঞ্জার্স-এর পুরো দলের মধ্যে একটা খাপছাড়া ভাব আছে। উলভারিনকে তাই সেখানে খুব ভালোভাবেই মানাবে।” সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেন জ্যাকম্যান।
তিনি আরও জানান, সুযোগ পেলে বড়পর্দায় হাল্কের সঙ্গে উলভারিনের লড়াইয়ের দৃশ্যেও অভিনয় করতে চান ।
‘দ্য অ্যাভেঞ্জার্স’ সিরিজের প্রথম সিনেমা ২০১৩ সালে মুক্তি পাওয়ার পর থেকেই এ ধরনের ইচ্ছের কথা বলে আসছেন জ্যাকম্যান। চলতি গ্রীষ্মেই মুক্তি পাবে তার অভিনীত এক্সমেন সিরিজের সিনেমা ‘এক্স মেন: ডেইস অফ ফিউচার পাস্ট’।
ওই সিনেমা মুক্তির আগে দিয়ে জ্যাকম্যানের এই ‘বিশেষ ইচ্ছা’ আশা জাগাচ্ছে মার্ভেল কমিক্স ভক্তদের মনে। ডিসি কমিক্সের ‘ম্যান অফ স্টিল’ সিকুয়েলে ‘সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান’- এর মতো অদূর ভবিষ্যতে ‘অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সমেন’ থিম নিয়ে সিনেমা তৈরির সম্ভাবনাও তাই উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।
