২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে জনপ্রিয় ‘লেকার হাম দিওয়ানা দিল’

হিন্দি সিনেমাজগতে শিগগিরই পা রাখবেন কাপুর পরিবারের আরেক সদস্য, আরমান জেইন। তার প্রথম সিনেমা ‘লেকার হাম দিওয়ানা দিল’-এর ট্রেইলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। ইউটিউবে সবার মনোযোগ কেড়েছে ট্রেইলারটি। 

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 04:11 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

জি মিডিয়া ব্যুরো বলছে, মুক্তির তিনদিনের মধ্যে ইউটিউবে ২০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী দেখেছেন ‘লেকার হাম দিওয়ানা দিল’-এর ট্রেইলার। নতুনদের প্রতি দর্শকের এমন আকর্ষণ আগে দেখা যায়নি।

‘যাব উই মেট’-খ্যাত নির্মাতা ইমতিয়াজ আলির ভাই আরিফ আলি পরিচালিত রোমান্টিক কমেডি ধাঁচের এই সিনেমার মাধ্যমে অভিষেক ঘটবে দক্ষিণের অভিনেত্রী দিকশা শেঠ এবং হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের নাতি আরমান জেইনের।

হিন্দি সিনেমার ইতিহাসে কাপুর পরিবারকে ধরা হয় সবচেয়ে পুরনো ফিল্মি পরিবার হিসেবে, বংশানুক্রমে যারা কাজ করেছেন সিনেমায় এবং ধরে রেখেছেন সাফল্যের ধারা। রাজ কাপুর থেকে শুরু করে বর্তমান সময়ের কারিশমা, কারিনা কিংবা রানবির কাপুর— জনপ্রিয়তার দিক থেকে কম নন কেউই।

আরমানের জন্য এটি ক্যারিয়ারের প্রথম সিনেমা হলেও অভিনেত্রী দিকশা অনেকদিন ধরেই আছেন ফিল্মি জগতে। ২০১০ সাল থেকে দক্ষিণি সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি, তবে হিন্দি সিনেমায় এটাই হবে তার প্রথম কাজ।     

রোমান্টিক কমেডি মুভি ‘লেকার হাম দিওয়ানা দিল’ প্রযোজনা করেছেন সাইফ আলি খান এবং দিনেশ ভিজান। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রেহমান। সিনেমাটি মুক্তি পাবে ৪ জুলাই।