২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“সালমানকে মদ পরিবেশন করি”

কাঠগড়ায় দাঁড়িয়ে হিন্দি সিনেমার অভিনেতা সালমান খানকে সনাক্ত করেছেন ২০০২ সালের গাড়ি চাপা দেওয়ার মামলায় বাদিপক্ষের চতুর্থ সাক্ষী। পাঁচ তারকা হোটেলের এই বেয়ারা জানান যে রাতে দুর্ঘটনা ঘটে সে রাতে সালমান ও তার বন্ধুদের মদ পরিবেশন করেছিলেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 12:24 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

তবে সালমান মদ্যপান করেছিলেন কি না সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

মুম্বাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের ‘যেন’ বারে আসা সালমান এবং তার বন্ধুদের একাধিক ককটেইল ও হোয়াইট রাম পরিবেশন করার কথা বলেন হোটেলের বেয়ারা মালায় বগ।

“আলো কম ছিল। আলো-আঁধারিতে আমি ঠিকমতো দেখিনি কে মদ খেয়েছে কে খায়নি। তবে আমি এটুকু বলতে পারি সালমান এবং তার সঙ্গীদের মদ পরিবেশন করেছি আমি।”

একদশকেরও বেশি সময় ধরে চলে আসা এই মামলার শুরুর দিকে সালমানের বিরুদ্ধে অভিযোগ ছিল ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’র। তবে নতুন করে শুরু হওয়া বিচারে তার বিরুদ্ধে অভিযোগ ‘দণ্ডনীয় মৃত্যু’র (কালপাবল হোমিসাইড)। মুম্বাইয়ে চলতে থাকা শুনানিতে সালমানের পক্ষের আইনজীবীরা এ পর্যন্ত এটাই প্রমাণ করার চেষ্টা করে আসছেন যে দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে ছিলেন না তিনি।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাত দুটায় মুম্বাইয়ের ব্যান্ড্রা এলাকায় এক ফুটপাথে ঘুমন্ত ছিন্নমূল মানুষের উপর টয়োটা ল্যান্ডক্রুজারটি তুলে দেন সালমান। ঘটনায় নিহত হয়েছিলেন একজন। আহত হন আরও চারজন।

এ মাসের শুরুতে তিনজন সাক্ষী সালমানকে সনাক্ত করেন। এদের মধ্যে দুজন প্রত্যক্ষদর্শী মাতাল অবস্থায় তাকে চালকের সিট থেকে নামতে দেখেছেন বলে দাবি করেছেন।

সম্প্রতি একজন সাক্ষী আদালতে অভিযোগ করেছেন, তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে।

মামলায় অভিযোগ প্রমাণিত হলে দশ বছরের কারাদণ্ড হতে পারে সালমানের।

পুরনো খবর:

"মাতাল সালমান দৌড়ে পালান"
আবারও কাঠগড়ায় সালমান খান