‘রানী’ হার্লি
ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লিকে এবার দেখা যাবে ব্রিটেনের রানীর ভূমিকায়। মার্কিন টিভি সিরিজ ‘দ্য রয়ালস’ –এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।
বিবিসি জানিয়েছে, টিভি সিরিজ ‘ওয়ান ট্রি হিল’-এর নির্মাতা মার্ক শোয়ানের এই নতুন সিরিজে হার্লিকে দেখা যাবে একটি কাল্পনিক চরিত্র ‘কুইন হেলেনা’-এর ভূমিকায়। ব্রিটেনের রাজপরিবারের প্রধান এই নারী তার পরিবারের ভাবমূর্তি অটুট রাখতে যেকোন কিছু করতে প্রস্তুত।
সম্প্রতি ই! নেটওয়ার্ক প্রকাশ করেছে সিরিজটির ট্রেইলার। সত্যিকারের ব্রিটিশ রাজপরিবারের গাম্ভীর্যপূর্ণ, নিয়ন্ত্রিত আচরণের জায়গায় এ সিরিজে রাজপরিবারের সদস্যদের লাগামহীন, উদ্যাম জীবনযাপন করতে দেখা যাবে।
ব্রিটিশ রাজপরিবারের প্রতি মার্কিনীদের অতিরিক্ত আগ্রহই মেটাবে সিরিজটি, যার ট্যাগলাইন ‘অ্যানার্কি ইন দ্য মনার্কি’। যার বাংলা করলে দাঁড়ায়- রাজতন্ত্রে নৈরাজ্য!
এদিকে ফক্স নেটওয়ার্কে শুরু হচ্ছে প্রিন্স হ্যারিকে নিয়ে রিয়ালিটি শো ‘আই ওয়ানা ম্যারি হ্যারি’। তবে সত্যিকারের রাজকুমার নয়, শোটিতে ১২ মার্কিনী তরুণী প্রিন্স হ্যারির মতো দেখতে একজনের জীবনসঙ্গী হবার জন্য লড়বেন।
