শিল্পকলায় আব্দুল আলীম ও আব্দুল লতিফ স্মরণসভা
লোকসংগীতিশল্পী আব্দুল আলীম ও আব্দুল লতিফ স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ সোমবার সন্ধ্যায় একটি সভার আয়োজন করেছে।
স্মরণসভায় প্রথম পর্বে আলোচনা সভায় অংশগ্রহণ করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, একাডেমির সংগীত,নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন, লোকসংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী ও নাদিরা বেগম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করবেন আবু বকর সিদ্দিক, দিল আফরোজ রেবা, শেখ হেমায়েত, অনিমা মুক্তি গোমেজ, আব্দুল করিম খান, আজগর আলীম, বিমান চন্দ্র বিশ্বাস ও রাফি।
আব্দুল আলীম ১৯৩১ সালের ২৭ জুলাই ভারতের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বিভিন্ন পালা পার্বনে কীর্তন গাইতেন এই শিল্পী। এরপর লেটো দল, যাত্রা দলের হয়েও গান গেয়েছেন। পরে কলকাতায় এসে কাজী নজরুল ইসলাম ও আব্বাসউদ্দিনের সাহচর্য পান। দেশ বিভাগের পর আলীম ঢাকাতে থিতু হন। ক্যারিয়ার শুরু করেন বেতারের স্টাফ আর্টিস্ট হিসেবে। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ প্লেব্যাক করেছেন তিনি। এরপর আরও অনেক সিনেমাতে গান গেয়েছেন। তার গাওয়া লোকসংগীতের মধ্যে আধ্যাত্মিক ও মরমী মুর্শিদী গানগুলো শ্রোতাদের মনে ঠাঁই করে নিয়েছে।
‘ওরা আমার মুখের কথা’, ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’সহ স্বাধীনতা আন্দোলনের বহু গানের রচয়িতা আব্দুল লতিফ। ভাষা আন্দোলনের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের প্রথম সুরকারও তিনি। ভাষা আন্দোলনের পর সংস্কৃতিকর্মী হিসেবে সোচ্চার ছিলেন আব্দুল আলীম।
