২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭৫ বছরে ‘ব্যাটম্যান’

মার্কিন শিল্পপতি ব্রুস ওয়েইন বাদুড়ের মুখোশে হয়ে যান ব্যাটম্যান। কমিক ইতিহাসের প্রথম সুপারহিরো যার নেই কোন অতিশক্তি। সম্পূর্ণ স্বশিক্ষিত এই অতিমানবের পণ অন্যায়ের বিরুদ্ধে লড়ার। অনেকটা তার আদলেই ১৯৬৩ সালে মারভেল কমিকস নিয়ে আসে আয়রনম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়, এবিসিনিউজ/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 02:07 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

১৯৩৯ সালের মে মাসে ডিসি কমিকসের এই সুপারহিরোর আত্মপ্রকাশ ঘটে বিল ফিঙ্গার এবং বব কেনের হাত ধরে। 

ডিটেকটিভ কমিকসের ২৭ তম সংখ্যায়, ‘দ্য কেস অফ দ্য কেমিক্যাল সিন্ডিকেট’ গল্পে ব্যাটম্যান প্রথমবারের মতো পাঠকদের সামনে হাজির হয়। ছয় পাতার এই কমিকের কাহিনি লিখেছিলেন বিল ফিঙ্গার আর ছবি এঁকেছিলেন বব কেন। 

আত্মপ্রকাশের পর দ্রুতই ‘ব্যাটম্যান’ চরিত্রটি পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। গথাম সিটির অপরাধ দমনকারী এই চরিত্রটিকে আদর করে আরও ডাকা হয় দ্য ডার্ক নাইট, দ্য কেপড ক্রসেডার এবং দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট ডিটেকটিভ নামে। তাকে সহযোগিতা করেন বাটলার অ্যালফ্রেড পেনিওয়ার্থ, রবিন এবং মাঝে মাঝে ব্যাটগার্ল। তার শত্রুরাও বৈচিত্র্যময়, যাদের সবাইকে একসঙ্গে বলা হয় রোগস গ্যালারি। সেখানে জায়গা করে নিয়েছে দ্য জোকার, দ্য রিডলার, টু ফেস, রা’স আল ঘুল, স্কেয়ার ক্রো, পয়জন আইভি আর ক্যাটওমেন। 

হলিউডেও ব্যাটম্যান জায়গা করে নেয় খুব অল্প সময়ে। চলচ্চিত্রে এ পর্যন্ত ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করেছেন লুই উইলসন, রবার্ট লাউরি, অ্যাডাম ওয়েস্ট, মাইকেল কিটন, ভ্যাল কিলমার, জর্জ ক্লুনি এবং ক্রিশ্চিয়ান বেইল।

আগামীতে সুপারম্যানকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ম্যান অফ স্টিল টু’, সেখানেও দেখা যাবে ব্যাটম্যানকে। ছবিটি ২০১৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং এখানে ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করছেন বেন অ্যাফ্লেক।