২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অশালীন কথা বলেছেন প্রযোজক’

ইরানী বিশ্বাসের প্রথম সিনেমা ‘লাভ ইউ লাভ ইউ’তে অভিনয়ে সম্মতি জানানোর পর চুক্তির দিন পরিচালককে ফিরিয়ে দিয়েছেন নবাগতা নায়িকা পরী মনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 04:57 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

তার অভিযোগ, চুক্তি সম্পাদনের সময় সিনেমার প্রযোজকের কথা বলার ভঙ্গি ‘বেশ অশালীন’ ছিল।

তবে অভিনেত্রীর এসব অভিযোগ অস্বীকার করে ইরানী বলেন “পরী একটি বেয়াদব মেয়ে। ওর আচরণে বেশ ত্রুটি ছিল।”

পরী মনি ও ইরানীর সঙ্গে কথা বলে জানা যায়, চুক্তির আগে ইরানীর সঙ্গে ফোনে পরিচয় হয় পরীর। পরীর অনুরোধে ৩ মে তার বাসাতেই চুক্তি সম্পাদন হবে বলে স্থির করেন দুজনে। প্রযোজকসহ পরীর বাসায় হাজির হন ইরানী।

সিনেমার গল্প শুনে পরী মন্তব্য করেন গল্পটি ‘সিনেমাটিক’ মনে হচ্ছে না, বরং টেলিফিল্মের মতো শোনাচ্ছে। চিত্রনাট্যে পরিবর্তন আনার পরীর অনুরোধে রাজিও হন ইরানী। পরী সিনেমার জন্য সাড়ে ৩ লাখ টাকা  পারিশ্রমিক দাবি করেন। এক পর্যায়ে সিনেমার প্রযোজক পরীকে বলেন, “সিনেমাতে সাইন কর। পাঁচ, দশ লাখ টাকা তোমাকে আমি দেব। কোনো ব্যাপারই না।’

পরীর মন্তব্য, “তার কথার ভঙ্গি বেশ অশালীন মনে হয়েছে। আমি ইরানীকে সরাসরি না বলে দিয়েছি।”

পরীর অভিযোগ উড়িয়ে দিয়ে ইরানীর দাবি, “পরী ডাহা মিথ্যা কথা বলছে। পরীর বাসায় কোনো অশালীন কিছু হয়নি। এ প্রযোজক অনেকদিন ধরে সিনেমা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি এমন কোনো কথা পরীকে বলেননি। উল্টো পরীই আমার মুখের উপর চুক্তিপত্র ছুড়ে মেরেছে।”

তবে ঘটনার সঙ্গে জড়িত সেই প্রযোজকের নাম জানতে চাইলে ও তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইরানী তা এড়িয়ে গেছেন।

ইরানী অবশ্য নতুন নায়িকা পেয়েছেন। ড্যান্স রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’-র চ্যাম্পিয়ন সৈয়দা ইভানাকে প্রধান নায়িকার চরিত্রে চুক্তিবদ্ধ করেছেন। প্রধান নায়ক চরিত্রে শ্রাবণ খান শুভই আছেন।

পরী মনি এখন অপূর্ব রানার পরিচালনায় ‘পুড়ে যায় মন’ সিনেমাতে অভিনয় করছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘রানা প্লাজা’ সিনেমাটি।