ক্যাটরিনার ‘অভিভাবক’ রেখা
উনিশ শতকের ব্রিটিশ লেখক চার্লস ডিকেন্সের কালজয়ী ‘গ্রেট এক্সপেক্টেশন্স’কে হিন্দি সিনেমার পর্দায় আনতে যাচ্ছেন পরিচালক অভিষেক কাপুর। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে 'আশিকি টু’খ্যাত আদিত্য রয় কাপুর এবং ‘ধুম’ তারকা ক্যাটরিনা কাইফের নাম ঘোষণা হয়েছিল আগেই। এবার জানা গেল, সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে হিন্দি সিনেমার চিরসবুজ নায়িকা রেখাকে।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, রেখার চরিত্রটি তৈরি করা হয়েছে উপন্যাসের ‘মিসেস হ্যাভিশাম’-এর আদলে।
ভারতীয় দৈনিক মিডডেকে এ ব্যাপারে এক সূত্র জানায়, “আসল চরিত্রটিকে উপন্যাসে পাওয়া যায় এক ধনী বৃদ্ধা হিসেবে যে তার পুরনো আমলের বিশাল এক বাড়িতে বাস করেন পালক কন্যাকে নিয়ে। সিনেমায় এই চরিত্রে থাকবেন রেখা, ক্যাটরিনার অভিভাবকরূপে।”
টাইমস অফ ইন্ডিয়া জানায় ‘উমরাও জান’ খ্যাত রেখাকে সিনেমায় দেখা যাবে একটি বিশাল প্রাসাদের কর্ত্রী ‘বেগম’ রূপে। আদিত্য রয় কাপুরের চরিত্র এক কাশ্মিরী তরুণের, যার নাম নূর। তার প্রেমিকা ‘ফিরদাউস’-এর চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা। তাদের প্রেমের যোগসূত্র হিসেবে কাজ করবেন বেগম।
টুইটারে সিনেমার ‘ফার্স্ট লুক’ প্রকাশ করেছেন পরিচালক নিজেই। দিল্লি, কাশ্মির এবং উত্তর ভারতের কিছু অংশে সিনেমাটির শুটিং শুরু হবে আগস্ট থেকে।
‘কায় পো চে’ খ্যাত পরিচালক অভিষেক কাপুর অবশ্য এর আগে সিদ্ধান্ত নিয়েছিলেন নূরের চরিত্রে সুশান্ত সিং রাজপুতকে নেওয়ার। কিন্তু শুটিং-এর সময় মেলাতে না পারায় সিনেমাটি হাতছাড়া হয়ে যায় রাজপুতের। এরপর আদিত্য রয় কাপুরকে চুক্তিবদ্ধ করেন অভিষেক। আদিত্যর ভাই সিদ্ধার্থ রয় কাপুরের প্রযোজনা সংস্থা ইউটিভি মোশন পিকচার্সের ব্যানারেই মুক্তি পাবে সিনেমাটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “আমরা সবসময়ই অসাধারণ গল্পের শক্তিতে বিশ্বাস করি। ভালোবাসার এই ধ্রপদী গল্পকে সিনেমায় রূপান্তর করার ব্যাপারে অভিষেককে সহযোগিতা করতে পেরে আমরা উচ্ছসিত।”
‘গ্রেট এক্সপেক্টেশন্স’ নিয়ে বলিউডে এবারই প্রথম সিনেমা তৈরির উদ্যোগ নেওয়া হলেও হলিউডে এর উদাহরণ রয়েছে একাধিক। চল্লিশের দশকের ক্ল্যাসিক ‘গ্রেট এক্সপেক্টেশন্স’ ছিল উপন্যাসটি থেকে তৈরি করা প্রথম সিনেমা। ডেভিড লিনের অস্কার মনোনয়ন পাওয়া ওই সিনেমায় অভিনয় করেছিলেন জন মিলস, ভ্যালরি হবসন, বার্নার্ড মাইলসসহ আরও অনেকে।
নব্বইয়ের দশকের শেষদিকে সিনেমাটির রিমেক হয় একই নামে। 'গ্র্যাভিটি' সিনেমার জন্য এ বছর অস্কার জেতা পরিচালক আলফনসো কুয়ারনের ওই সিনেমায় অভিনয় করেছিলেন ক্রিস কুপার, ইথান হক, রবার্ট ডি নিরো, অ্যান ব্যানক্রফ্ট এবং গিনেথ পলট্রোর মতো তারকারা।
উপন্যাসটির উপর ভিত্তি করে নির্মিত সবশেষ সিনেমাটি মুক্তি পায় ২০১২ সালে। ব্রিটিশ ওই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জেরেমি আরভিং, র্যাল্ফ ফিয়েনেস হেলেনা বোনহ্যাম কার্টার, হলিডে গ্রেইঞ্জার এবং রবি কোলট্রেন।
