২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নির্বাচনে তারকারা

পর্দার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজনীতিতে নামার রীতি ভারতীয় সিনেমার জগতে নতুন নয়। তবে বড় ও ছোট পর্দায় যাদের অভিনয় দর্শকের মন ভুলিয়েছে, তার মিষ্টি কথায় সবসময় চিড়া ভেজেনি। আবার অনেকে পেয়েছেন প্রত্যাশিত সাফল্যও।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 09:35 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

সারা ভারতজুড়ে বয়ে যাওয়া নির্বাচনী হাওয়া বরাবরই ছুঁয়েছে ভারতীয় সিনেমার শিল্পীদের। এবারও হয়নি এর কোন ব্যতিক্রম। একই শহর চণ্ডীগড় থেকে এবার দেখা গেছে দুই প্রজন্মের দুই অভিনেত্রী—কিরণ খের এবং গুল পানাগের হাড্ডাহাড্ডি লড়াই। আম আদমি পার্টির হয়ে তরুন সমাজের সমর্থন নিতে বাইকে চড়েছেন গুল, অপরদিকে নিজের বক্তৃতা দিয়ে জনতার মন জয় করেছেন কিরণ। অবশেষে জয় হয়েছে রাজনীতির চিরচরিত পন্থা—বক্তৃতারই।

ভারতীয় সিনেমার ইতিহাসে অনেক তারকাই পর্দায় নয় বাস্তবেও রাজনীতিবিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। দেখে নেয়া যাক এবারের লোকসভা নির্বাচনে তাদের অবস্থান কি-

পারেশ রাওয়াল

গুজরাটের আহমেদাবাদ থেকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন পারেশ রাওয়াল। জেতার জন্য বেশি কিছু করতে হয়নি তার। হিন্দি সিনেমার অতি পরিচিত এই অভিনেতার মনোলভা বক্তৃতায় সহজেই তাকে গ্রহণ করে গুজরাটবাসী। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও তিনি ছিলেন সরব। এমনকি প্রিয় অভিনেতার সঙ্গে সময় কাটিয়ে ভক্তরাও ছিলেন আনন্দে। রাওয়ালের এই প্রচেষ্টা জয়ের মাধ্যমেই সফল হয়েছে।

রাখি সাওয়ান্ত

ভারতীয় বিনোদন জগতের ‘ড্রামা কুইন’ রাখি গঠন করেছিলেন নিজের রাজনৈতিক দল। নির্বাচনী হাওয়ায় গা ভাসিয়ে টুইটারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। নানা ধরনের কৌতুকের বিষয়বস্তু এখন রাখি। তবে এই প্রচারণা কাজে লাগেনি৤ রাখির নেত্রী হবার স্বপ্ন সত্যি হয়নি।

রাজ বাব্বার

কংগ্রেসের প্রতিনিধি হয়ে গাজিয়াবাদ জেলায় নির্বাচনে দাঁড়ান এক সময়ের জনপ্রিয় এই নায়ক। মুম্বাই শহরে ১২ রুপিতে সারাদিনের খাবার পাওয়া যাবে—এমন বক্তব্য দিয়ে নানা সমালোচনার সম্মুখীনও হতে হয় তাকে। জিততে পারেননি বাব্বার।

জয়া প্রদা

হিন্দি সিনেমার হাতেগোনা যে কয়েকজন শিল্পী রাজনীতিতে সফল হয়েছেন, তাদের মধ্যে একজন জয়া প্রদা। বরাবরের মত এবার লোকসভা নির্বাচনে রাষ্ট্রীয় লোক মঞ্চের প্রতিনিধি হয়ে উত্তর প্রদেশে লড়েন তিনি। কিন্তু এবার ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার।

প্রকাশ ঝা

নির্মাতা প্রকাশ ঝা তার সিনেমার মাধ্যমে সমাজ সংস্কারের নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন সবসময়। কিন্তু অনেকেই জানেন না, এই সমাজ সংস্কারের তাগিদেই একসময় রাজনীতিতে নেমেছিলেন ‘গাঙ্গাজল’ খ্যাত এই পরিচালক। ২০০৯ সালে বিহারে নির্বাচনী লড়াইয়ে হেরে যান তিনি। এরপর রাজনীতি না করার প্রতিজ্ঞা করলেও এ বছর তাকে দেখা যায় লোকসভা নির্বাচনে অংশ নিতে। অবশ্য এবারও পরাজয়ের তেতো স্বাদ পেতে হয়েছে তাকে।

স্মৃতি ইরানি
মেগা সিরিয়াল 'কিউ কি সাস ভি কাভি বাহু থি’ খ্যাত অভিনেত্রী স্মৃতি ইরানি ছোট পর্দায় দীর্ঘদিন রাজত্ব করলেও ভোটারদের আস্থা অর্জন করতে পারেননি৤ বিজেপির হয়ে নির্বাচনে অংশ নেয়া এ অভিনেত্রী হেরেছেন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধির কাছে ।

হেমা মালিনি
হিন্দি সিনেমার ‘ড্রিম গার্ল’ হেমা বিজেপির পক্ষ থেকে নির্বাচন লড়ে জিতেছেন বড় ব্যবধানে।

ভিনোদ খান্না

বিজেপিতে এ বছর তারকাদের দল ভারী করেছেন প্রবীণ অভিনেতা ভিনোদ খান্না। গুরুদাসপুরে লড়ছেন তিনি। এখনও ফলের অপেক্ষা৤

রাভি কিশান

ভোজপুরী সিনেমার জনপ্রিয় এই নায়ক এবার নির্বাচনে অংশ নিয়েছিলেন কংগ্রেসের হয়ে। তবে এবার হারতে হয়েছে জোউনপুরের এই প্রতিনিধিকে।

মহেশ মঞ্জরেকার 
নির্মাতা অভিনেতা মহেশ এবছর দাঁড়িয়েছিলেন মহারাষ্ট্র নাভনিরমান সেনা (এমএনএস) পার্টির পক্ষ থেকে৤ হারতে হয়েছে তাকে৤

নাগমা

কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও এবার হেরে গেছেন দক্ষিনি এই অভিনেত্রী।

শত্রুঘ্ন সিনহা

২০০৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হবার পর আরও একবার বিজেপির হয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রবীণ এই অভিনেতা।

বাঙালি তারকা পল্টন

টালিগঞ্জের ম্যাটিনি স্টার দেব তৃণমূল কংগ্রেসের টিকেটে লড়ে জিতেছেন বেশ ঘটা করেই। ওপার বাংলার আরও যে দুজন শিল্পী সফলতার মুখ দেখেছেন তারা হলেন বিজেপির হয়ে গায়ক বাবুল সুপ্রিয় এবং তৃণমূলের টিকেটে সুচিত্রা সেনের কন্যা অভিনেত্রী মুনমুন সেন। বিজেপির প্রতিনিধি হিসেবে লড়ে হেরে গেছেন সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী। নতুন দিল্লিতে তৃণমূলের হয়ে লড়ে হারের মুখ দেখেছেন বাঙালি অভিনেতা বিশ্বজিত্ও৤