মোদির ‘বন্ধু' রজনিকান্ত
ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় পার্টির (বিজেপি) বিজয়ে দলের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন তামিল সুপারস্টার রজনিকান্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট করেন দক্ষিণের এই মহাতারকা, যাকে আদর করে ‘থালাইভার’ বা ‘বস’ বলেন ভক্তরা। টুইটটিতে লেখা ছিল।
"ঐতিহাসিক এ জয়ে প্রিয় নরেন্দ্র মোদিজিকে জানাই আন্তরিক অভিনন্দন! আমার শুভকামনা রইল।"
আরেকটি টুইটে রজনিকান্ত লেখেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাজির নিরঙ্কুশ জয়ে তাকে অভিনন্দন জানাই।”
সম্প্রতি টুইটারে যোগ দেওয়া রজনিকান্তের অনুসারীর সংখ্যা ৪ লাখেরও বেশি। নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে দেওয়া টুইটটি এরই মধ্যে ৬ হাজারেরও বেশি বার রিটুইট করা হয়েছে।
১৪ এপ্রিল চেন্নাইয়ে রজনিকান্তের বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান মোদি। এই সাক্ষাতের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই উল্লেখ করে রজনিকান্ত উপস্থিত সাংবাদিকদের বলেন, মোদিকে চা খাওয়ার নিমন্ত্রণ দিয়েছিলেন তিনি।
সেই সঙ্গে তিনি বলেন, তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন, তখন মোদি প্রতি সপ্তাহে তার খোঁজ নিতেন। মোদিকে একজন শক্তিশালী নেতা ও যোগ্য প্রশাসক অভিহিত করে তাকে নির্বাচনের জন্য শুভকামনা জানিয়েছিলেন রজনিকান্ত।
রজনিকান্তকে একজন ভালো বন্ধু বলেই আখ্যায়িত করেন মোদি।
এদিকে জীবন্ত কিংবন্দন্তী লতা মঙ্গেসকর ও তার বোন আশা ভোসলেও অভিনন্দন জানিয়েছেন মোদিকে।
