'রঙের মানুষেরা কেমন আছেন?'
একজন হাতে কলম ধরেছেন, অন্যজন ক্যামেরা। তাদের যুগলবন্দি সৃষ্টি করেছে ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’-এর মতো ধারাবহিক। দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে কাজ করছেন দুই নাট্যব্যক্তিত্ব সালাউদ্দিন লাভলু ও মাসুম রেজা। এই ঈদে আসছে ‘রঙের মানুষেরা কেমন আছেন?’।
মাসুম রেজা যুক্তরাজ্যের অক্সফোর্ডে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। এ বছরের ফেব্রুয়ারিতে দেশে এসেই লেখালেখি শুরু করেছেন। মূলত ঈদকে সামনে রেখেই কাজ করছেন।
এবারের ঈদে তার লেখা ও লাভলুর পরিচালনায় আরও দেখা যাবে ‘লাইকচান দ্য গ্রেইট’-সহ আরও একটি নাটক।
এছাড়া ‘মোল্লাবাড়ির বউ’-এর পর আবার সিনেমার চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। ‘বাপজানের বায়োস্কোপ’ নামের সিনেমাটিতে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, মৌটুসী, তারেক বাবুসহ আরও অনেকে।
মাসুম রেজা গ্লিটজকে বলেন, “সিনেমাটি ঠিক কর্মাশিয়াল সাকসেসের কথা চিন্তা করে লেখা হয়নি। আমার আগের সিনেমা দেশে মানুষ হেসেছে, মজা করেছে। এই সিনেমাটি দেখে হয়ত ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া দেখাবে।”
সিনেমাটির শুটিং প্রায় শেষ বলেও জানালেন তিনি। পরিচালনা করছেন তরুণ পরিচালক রিয়াজুল রিজু।
এছাড়াও পরিচালক সৈয়দ আওলাদের জন্য ‘দ্য পেইন্টার’-এর তৃতীয় কিস্তি লিখেছেন। এর আগে তিন পর্বের নাটকটির দুই কিস্তি প্রচারিত হয়েছে। নাটকটিতে লেখকের চরিত্রে অভিনয় করেন তৌকির আহমদ ও অভিনয়শিল্পী চরিত্রে অভিনয় করেন বিপাশা হায়াত। তাদের দাম্পত্য জীবনের গল্প নিয়ে নাটকটি।
সম্প্রতি মঞ্চের জন্য একটি নতুন নাটক লিখেছেন ‘কুহকজাল’ নামে। ঢাকা থিয়েটারের প্রযোজনায় নাটকটির নির্দেশনা দেবেন ত্রপা মজুমদার।
