ফিল্ম আর্কাইভের তিন যুগ
চলচ্চিত্র সংগ্রহ, সংরক্ষণ ও এ বিষয়ে গবেষণার উদ্দেশ্যে ১৯৭৮ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয় ‘ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ’। ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটির নাম বদলে রাখা হয় ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’।
এ বছর প্রতিষ্ঠানটির তিন যুগ পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ১৫ মে থেকে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব।
উৎসবের উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
উদ্বোধক সৈয়দ শামসুল হক বলেন, “পেছনে আমরা কী করেছি তার জন্য ফিল্ম আর্কাইভ থাকা খুব জরুরি। তাছাড়া এর মাধ্যমে নিজেদের চলচ্চিত্র সম্পর্কেও জানতে পারব সঠিকভাবে।”
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনের পর দেখানো হয় সালাউদ্দিন পরিচালিত এবং আনোয়ার হোসেন অভিনীত ১৯৬২ সালের সিনেমা ‘সূর্যস্নান’, নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ও রাজ্জাক অভিনীত ১৯৬৯ সালের সিনেমা ‘নীল আকাশের নিচে’।
উৎসবে ১৬ মে কাজী জহির পরিচালিত ‘অবুঝ মন’ (১৯৭২) এবং প্রমোদকার পরিচালিত ‘সুজন সখী’ (১৯৭৫) দেখানো হবে।
১৭ মে বিকাল ৪টায় সমাপনী আলোচনার পর বিকাল সাড়ে পাঁচটায় দেখানো হবে আলমগীর কবিরের ‘ধীরে বহে মেঘনা’ (১৯৭৩)।
মিলনায়তনকে ঘিরে পোস্টার প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পরিচালক এ এম মোতাহের হোসেন।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “যে কোনো বিষয়ে আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আর্কাইভ আমাদের অতীত ঐতিহ্য সংরক্ষণ করে। সেসব বর্তমান প্রজন্মকে দেখার সুযোগ করে দিচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও পৌঁছে দেবে এই আর্কাইভ।”
এবারের উৎসবকে স্বর্ণযুগের চলচ্চিত্র উৎসব বললেন লাকী।
তিনি আরও জানান, কাজের সহযোগিতার বিষয়ে আর্কাইভের সঙ্গে শিল্পকলা একাডেমির সমঝোতা হয়েছে। এখন থেকে নানা কাজে শিল্পকলাকে পাশে পাবে আর্কাইভ।
বাংলাদেশে ফিল্ম আর্কাইভ বর্তমানে দেশি-বিদেশি দুষ্প্রাপ্য ও ধ্রুপদী চলচ্চিত্র এবং চলচ্চিত্র সামগ্রী সংগ্রহ, পদ্ধতিগতভাবে দীর্ঘস্থায়ী সংরক্ষণ, শিক্ষা ও গবেষণাকর্ম পরিচালনা, সংগৃহীত ছায়াছবি প্রদর্শনী ইত্যাদি নানা বিষয়ে কাজ করছে।
আর্কাইভে এ পর্যন্ত দুই হাজার ২৬৯টি দেশি ও বিদেশি চলচ্চিত্র সংরক্ষণ করা হয়েছে। সেলুলয়েডে ৮ মিলিমিটার , ১৬ মিলিমিটার, ৩৫ মিলিমিটার, ৭০ মিলিমিটার ফরমেটে চলচ্চিত্রের নেগেটিভ ও প্রিন্ট এবং ইউমেটিক, বেটাক্যাম, সিডি এবং ডিভিডি ফরমেটেও অনেক চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত আছে।
মহাপরিচালক জানান, আর্কাইভ প্রতিষ্ঠার থেকে শাহবাগে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, “আগারগাঁওয়ে আমাদের নিজস্ব ভবনের তিনতলার কাজ শেষ, আশা করছি ২০১৫ সালের জুন মাসেই ভবনে কার্যক্রম শুরু করতে পারব।”
তিনি আরও জানান, অত্যাধুনিক প্রযুক্তির ফিল্ম ভল্ট, লাইব্রেরি, মিউজিয়াম, হসপিটাল এবং অ্যালমনাই কর্নার, চলচ্চিত্র উৎসবের অফিস ইত্যাদি থাকবে ভবনটিতে।
বর্তমান কাজের ব্যাপারে তিনি আরও বলেন, আমরা নিয়মিত জার্নাল বের করছি, বছরে ৭টি গবেষণা প্রকল্পের অনুমোদন করছি।
এমন উৎসব এখন থেকে প্রতি বছর অনুষ্ঠিত হবে বলেও জানান ড. জাহাঙ্গীর।
