২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান উৎসবে ভারত পাঁচালি

বলা হয়, ‘কান উৎসবে সবাই আসে’। প্রতি বছর মে মাসে ভূমধ্যসাগরের তটে অবস্থিত ফ্রান্সের এই শহরে সত্যিই বসে তারার মেলা। আর গত কয়েক বছরে ভারতীয় তারাদেরও বেশ জ্বলে উঠতে দেখা গেছে কানের আকাশে। তবে ইতিহাস ঘাটলে দেখা যায় গোড়া থেকেই এ উৎসবে নিজেদের ছাপ রেখে গেছে ভারতীয় চলচ্চিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়, এনডিটিভি/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 04:20 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

কান চলচ্চিত্র উৎসবের শুরুটা ১৯৩০ সালে ফরাসি সরকারের উদ্যোগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ৬ বছরের বিরতির পর আবার উৎসব শুরু হয় ১৯৪৬ সালে। আর সে বছরই ডেভিড লিন-এর ‘ব্রিফ এনকাউন্টারস’ এর সাথে শীর্ষ পুরস্কার ‘গ্রা প্রি দ্যু ফেস্টিভাল ইন্টারন্যাশনাল দ্যু ফিল্ম’ ভাগাভাগি করে নেয় চেতান আনান্দ-এর ‘নিচা নাগার’। কামিনী কৌশল এবং জোহরা সেহগাল অভিনীত ‘নিচ নাগার’ই প্রথম ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বের সামনে তুলে ধরে।

এরপর ১৯৫২ সালে, মারাঠি কবি ‘হোনাজি বালা’র জীবনীনির্ভর ভি. শান্তারামের ‘অমর ভুপালি’ চলচ্চিত্রটি ‘গ্র্যান্ড প্রাইজ’-এর জন্য মনোনয়ন পায় এবং ‘বেস্ট সাউন্ড রেকর্ডিং’-এর পুরস্কার জেতে।

১৯৫৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা 'দুই বিঘা জমি’র উপর ভিত্তি করে নির্মিত বিমল রায়ের সিনেমা ‘দো বিঘা জামিন’ ‘প্রি ইন্তারনেশিওনাল’ জয় করে।

১৯৫৫ সালে, ‘গ্রা প্রি অ্যাওয়ার্ড’-এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘পাম দ’র’। সে বছর বিমল রায়-এর ‘বিরাজ বহু’ এবং রাজ কাপুর প্রযোজিত ‘বুট পলিশ’ চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয়। ‘বুট পলিশ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেবি নাজ জিতে নেন ‘স্পেশাল ডিস্টিংশন অ্যাওয়ার্ড’।

১৯৫৬ সালে সত্যজিৎ রায়, তাঁর ‘পথের পাঁচালি’ চলচ্চিত্রটির জন্য ‘পাম দ’র ফর বেস্ট হিউম্যান ডকুমেন্ট’ জয় করেন। পরের বছর রাজবাংশ খান্না’র ‘গৌতামা দ্যা বুদ্ধা’ প্রামাণ্যচিত্রটি ‘জুরি প্রাইজ’ পায়।

পরের কয়েক দশক কোন পুরস্কার না জিতলেও উৎসবে ভারতীয় চলচ্চিত্রের উপস্থিতি ছিল নিয়মিত। এই তালিকায় রয়েছে সত্যজিৎ রায়-এর ‘পরশ পাথর’ এবং ‘দেবী’, খাজা আহমেদ আব্বাস-এর ‘পারদেসি’, বিমল রায়-এর ‘সুজাতা’, মণি ভট্টাচার্যের ‘মুঝে জিনে দো’, এম.এস. সাত্থু’র ‘গারাম হাওয়া’, শ্যাম বেনেগাল-এর ‘নিশান্ত’ এবং মৃণাল সেনের ‘এক দিন প্রতিদিন’।

১৯৮৩ সালে, মৃণাল সেন-এর ‘খারিজ’, ‘জুরি প্রাইজ’ লাভ করে। পরের বছর তাঁর ‘খান্ডার’ চলচ্চিত্রটি অংশ নেয় ‘আন সার্টেইন রিগার্ড’ বিভাগে। ১৯৮৮ সাল ছিল ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এ বছর ‘আন সার্টেইন রিগার্ড’ বিভাগে গৌতম ঘোষের ‘অন্তর্জলি যাত্রা’ অংশ নেয়। আর মিরা নায়ার-এর ‘সালাম বম্বে!’ জয় করে ‘ক্যামেরা দ’র’ এবং ‘অডিয়েন্স প্রাইজ’।

পরের বছর শাজি এন. কারুনের ‘পিরাভি’ অর্জন করে ‘স্পেশাল মেনশন ফর ক্যামেরা দ’র’। একই বছর প্রতিযোগিতার বাইরে থাকা সত্যজিৎ রায়-এর ‘গণশত্রু’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

১৯৯১ সালে মণিপুরী পরিচালক আরিবাম শ্যাম শর্মা’র ‘ইশানু’ চলচ্চিত্রটি উৎসবে অংশ নেয়। এর মাধ্যমে ‘আন সার্টেইন রিগার্ড’-এ ভারতের আঞ্চলিক চলচ্চিত্রের আত্মপ্রকাশ ঘটে। ভারতীয় বংশোদ্ভূত দীপা মেহতা’র ‘স্যাম অ্যান্ড মি’ ‘ক্যামেরা দ’র’ পুরষ্কার অর্জন করে। এই চলচ্চিত্রটি অবশ্য উৎসবে কানাডীয় চলচ্চিত্র হিসেবে অংশ নিয়েছিল।

১৯৯৪ সালে প্রতিযোগিতায় অংশ নেয় ২টি ভারতীয় চলচ্চিত্র। ‘আন সার্টেইন রিগার্ড’ বিভাগে অংশ নেওয়া এ চলচ্চিত্র দু’টি হচ্ছে, শাজি এন কারুনের ‘সোয়াহাম’ এবং সন্দীপ রায়ের ‘উত্তরণ’।

পরের বছরও উৎসবে ভারতের আঞ্চলিক ছবির অংশগ্রহণ চোখে পড়ে। ‘গ্র্যান্ড প্রাইজ’ এর জন্য এবার প্রতিযোগিতা করে উড়িষ্যার সুশান্ত মিশ্রের চলচ্চিত্র ‘ইন্দ্রধনুরা চায়’।

১৯৯৭ সালে, আসিফ কাপাডিয়া’র শর্ট ফিল্ম ‘দ্যা শিপ থিফ’ ‘সিনেফন্ডেশন অ্যাওয়ার্ড’ জয় করে। একই বছর ‘আন সার্টেইন রিগার্ড’ বিভাগে গৌতম ঘোষ-এর ‘গুড়িয়া’ প্রদর্শিত হয়।

১৯৯৯ সালে শাজি এন কারুনের ‘বনপ্রস্থম’ ‘আন সার্টেইন রিগার্ড’-এ প্রতিযোগিতা করে। আর মুরালি নায়ারের ‘সিমহাসানাম’ জয় করে ‘ক্যামেরা দ’র’ পুরস্কার।

মানিশ ঝার ‘আ ভেরি ভেরি সাইলেন্ট ফিল্ম' ২০০২ সালে ‘জুরি প্রাইজ ফর শর্ট ফিল্ম’ লাভ করে। ২০০২ সালেই কান চলচ্চিত্র উৎসবে অভিষেক ঘটে মূলধারার হিন্দি চলচ্চিত্রের। শাহরুখ খান আর ঐশ্বরিয়া রায় অভিনীত, সঞ্জয় লিলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রটি প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হয়।

২০০৩ সালে মুরালি নায়ার-এর ‘আরিমপারা’ এবং ২০১০ সালে বিক্রমাদিত্য মোটওয়ানি’র ‘উড়ান’ প্রদর্শিত হয় কান চলচ্চিত্র উৎসবে।

২০১২ সালে, অসীম আলুওয়ালিয়া’র ‘মিস লাভলি’ প্রতিযোগিতা করে ‘আন সার্টেইন রিগার্ড’ বিভাগে। আনুরাগ কাশ্যাপ-এর ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ এর দুই পর্ব প্রদর্শিত হয় ‘ডিরেক্টর’স ফোর্টনাইট’ বিভাগে। আর ভাসান বালা’র ‘পেডলারস’ চলচ্চিত্রটি অংশ নেয় ‘ফিচার ফিল্ম’ বিভাগে।

কান উৎসবে, গত বছরটা ছিল ভারতের জন্য বিশেষ একটা বছর। গত বছর উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ‘দ্যা গ্রেট গ্যাটসবি’ তে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। বিদ্যা বালান এবং নন্দিতা দাশ ছিলেন জুরি বোর্ডের সদস্য। উৎসবে প্রতিযোগিতার বাইরে থাকা কারান জোহার, আনুরাগ কাশ্যাপ ও দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘বোম্বে টকিজ’ এবং অমিত কুমার-এর ‘মনসুন শুটআউট’ প্রদর্শিত হয়। ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস’ উইক’-এর অংশ হিসেবে প্রদর্শিত হয় ‘দ্যা লাঞ্চবক্স’ চলচ্চিত্রটি। আর সত্যজিৎ রায়-এর ‘চারুলতা’ ছিল ‘কানস ক্লাসিকস’-এর অংশ।

এ বছর কানে অংশগ্রহণকারী একমাত্র সিনেমা কানু বেহলের ‘তিতলি’। তবে এ উৎসবে নিয়মিত উপস্থিতি প্রমাণ করে আন্তর্জাতিকভাবে কতটা এগিয়েছে ভারতের চলচ্চিত্র।