২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেলের ইচ্ছা 

ফুটবলের মাঠে তার পায়ের জাদু দেখে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। সংগীতেও তার দখল কম নয়। কথা হচ্ছে ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলেকে নিয়ে। "সম্প্রতি ইংলিশ-আইরিশ বয়ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর সঙ্গে গিটার বাজানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।"

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 07:18 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

ডেইলি মিরর জানিয়েছে, সাও পাওলোতে এক দাতব্য অনুষ্ঠানে হঠাৎ জায়ান্ট স্ক্রিনে নিজেদের উদ্দেশ্যে পেলের ভিডিওবার্তা দেখে চমকে যান ওয়ান ডিরেকশনের সদস্যরা।

ওই বার্তায় তাদের উদ্দেশ্যে পেলে বলেন, “আমি তোমাদের গানে মুগ্ধ। তাই তোমাদের ভালোবাসি। আমি গিটার বাজাই। আশা করি, ভবিষ্যতে কোনো একদিন তোমাদের সঙ্গেও বাজাব। ফুটবল নয় গিটারের তার নিয়ে খেলবো আমরা, ঠিক আছে? আরও একবার ব্রাজিলে তোমাদের স্বাগতম।”

ভিডিওবার্তায় ওয়ান ডিরেকশনকে এমন প্রস্তাব যে ঠাট্টাচ্ছলে দেননি তিনি, সেটাও বুঝিয়ে দিয়েছেন এই লিজেন্ড। এই ব্যাপারে সত্যিই তাদের সঙ্গে আলোচনায় বসেছেন পেলে।

এ সূত্র দাবি করেছেন, কোনো এক দাতব্য আয়োজনেই এক সঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন তারা।

“কোনো ভালো কাজের উদ্দেশেই ওয়ান ডিরেকশনকে চাইছেন তিনি। তিনি সংগীতের ব্যাপারে দারুণ উত্সাহী, নিজেও টুকটাক বাজান। তিনি সত্যিই নিয়ালের (নিয়াল হোরান, ব্যান্ডটির লিড গিটারিস্ট)সঙ্গে গিটার বাজাতে চান। এ ব্যাপরে তাদের সঙ্গে আলোচনাও শুরু করেছেন তিনি।”

সূত্রটি আরও জানায়, “তারা কোন অনুষ্ঠানটিতে এবং কবে কাজ করবেন-- সে ব্যাপারে আলোচনা চলছে এখনও। তবে শিগগিরই ওয়ান ডিরেকশনের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে পেলেকে।”

ওয়ান ডিরেকশন এখন ব্যস্ত দক্ষিণ আমেরিকা সফর নিয়ে। ২৩ মে শুরু হবে তাদের ইউরোপ সফর। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে একটি কনসার্ট দিয়ে ওই সফর শুরু করবে তারা।