২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের নায়িকা মিষ্টি

নতুন নায়িকাদের চলচ্চিত্রে আনা এবং ম আদ্যাক্ষরযুক্ত নামে তাদের বলিউডে পরিচয় করিয়ে দেওয়া নির্মাতা সুভাষ ঘাইয়ের বৈশিষ্ট্য। মিনাকশি, মাধুরি, মাহিমার পর সে কাতারে যুক্ত হয়েছেন নবাগতা মিষ্টি। সেই মিষ্টিকে সালমান খানের বিপরীতে নিয়ে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন ঘাই।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 06:24 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

সালমান খান আর ক্যাটরিনা কাইফকে নিয়ে ‘ইউভরাজ’ বানানোর পর পাঁচ বছরের বিরতি। এরপর ২০১৪ তে এসে নতুন মুখ ইন্দ্রানি চক্রবর্তীকে নিয়ে বানালেন ‘কাঞ্চি’। ঘাইয়ের ঐতিহ্য ধরে রাখতে ইন্দ্রানির পর্দার নাম এখন মিষ্টি। ‘কাঞ্চি’ ব্যবসায়িক সাফল্য না পেলেও নিজের পরবর্তী সিনেমায় নায়িকা হিসেবে মিষ্টির নামই বলছেন ঘাই। নাম ঠিক না হওয়া ওই সিনেমার কাজ শুরু হবে চলতি বছরের শেষে।

জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, ঘাইয়ের সঙ্গে তিনটি সিনেমায় কাজের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি। আর তাই এখন ব্যর্থতার বেদনা ভুলে নতুন উদ্যমে কাজের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

সালমান নিজেও বরাবরই নবাগতাদের বিপরীতে কাজ করে আসছেন। অভিনেত্রী স্নেহা উল্লাল, সোনাকশি সিনহা কিংবা হালের ডেইজি শাহ-- এদের সবারই বলিউডে অভিষেক হয়েছে সালমানের বিপরীতেই। এদের মধ্যে ডেইজি শাহের ও সালমান অভনীত সিনেমা ‘জয় হো’ ছিল ২০১৪ সালের প্রথম ১০০ কোটি রুপি আয় করা সিনেমা।

সুভাষ ঘাইয়ের সঙ্গে সালমান কাজ করেছেন কেবল ‘ইউভরাজ’ সিনেমায়। মার্কিন সিনেমা ‘রেইনম্যান’ অনুপ্রাণিত সিনেমাটি ২০০৮ সালে তৈরি করেছিলেন ঘাই।

সালমানের পাশাপাশি অনিল কাপুর, ক্যাটরিনা কাইফ, যায়েদ খানের তারকা এবং এ আর রেহমানের সংগীত পরিচালনা সত্ত্বেও ফ্লপের খাতাতেই নাম লেখায় সিনেমাটি।