নতুন ব্যাটম্যানের ‘ফার্স্ট লুক’
‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়েলে কেমন জমবে সুপারম্যান আর ব্যাটম্যানের লড়াই? নতুন ব্যাটম্যান হিসেবে বেন অ্যাফ্লেককেই বা কেমন দেখাবে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সিনেমাতেই। কিন্তু দর্শকদের কৌতুহল কিছুটা মেটাতেই পরিচালক জ্যাক স্নাইডার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন নতুন ব্যাটম্যানের ছবি।
টুইটারে পরপর দুটি পোস্টে নতুন ব্যাটমোবিল এবং ব্যাটস্যুট পরে দাড়িয়ে থাকা বেন অ্যাফ্লেকের সাদাকালো ছবি প্রকাশ করেছেন স্নাইডার। ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ সিরিজের মতোই স্নাইডারের ব্যাটম্যানও অনেক বেশি ‘ডার্ক’- ছবিগুলো দেখে ভক্তদের মন্তব্য ছিল এমনই।
১২ মে রাত সাড়ে দশটায় স্নাইডার পোস্ট করেন ব্যাটমোবিলের ছবিটি। পরের দিন রাতে তিনি পোস্ট করেন অ্যাফ্লেকের ছবি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমার লাইকা ক্যামেরা দিয়ে সাদাকালো ছবিটি তুলেছি। ব্যাটম্যান, ব্যাটমোবিল, গথাম!”
পরিচালক জ্যাক স্নাইডার তার সুপারম্যান রিবুট ‘ম্যান অফ স্টিল’-এর পরপরই যখন ঘোষণা দিয়েছিলেন এর সিকুয়েলের, তখন থেকেই জল্পনা কল্পনা চলছিল সিনেমায় ব্যাটম্যান আর সুপারম্যানের যুগলবন্দি কেমন জমবে। পরবর্তীতে নতুন ব্যাটম্যান হিসেবে বেন অ্যাফ্লেকের নাম যখন ঘোষণা করা হয়, তখন অনলাইনে আপত্তির ঝড় ওঠে । আগের ব্যাটম্যান ক্রিশ্চিয়ান বেলের যায়গায় অ্যাফ্লেককে মানতে পারেননি অনেকে। রীতিমতো অনলাইন পিটিশনও করা হয়। তবে স্নাইডারের এই পোস্টের পর ভক্তদের সেই আক্রোশ এখন অনেকটাই স্তিমিত।
সিনেমায় সুপারম্যান, ব্যাটম্যানের পাশাপাশি দেখা যাবে ডিসি কমিক্সের আরেক সুপারহিরো চরিত্র ওয়ান্ডার ওম্যানকে। এই চরিত্রে অভিনয় করবেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গাডোট। আর সুপারম্যানের প্রেমিকা লোয়েস লেইনের চরিত্রে এমি অ্যাডামস তো থাকছেনই।
২০১৬ সালের গ্রীষ্মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই সময়ে মুক্তি পাবে মার্ভেলের সুপারহিরো থ্রিলার সিরিজ ‘ক্যাপ্টেন আমেরিকা’র নতুন পর্ব। বক্স অফিসে তিন সুপারহিরোর টক্কর জমবে ভালোই!
