২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গরীবের ক্যাটরিনা' হবে না ইসাবেলা

অনেকেই ভাবছিলেন খুব শিগগিরই বলিউড অভিষেক ঘটতে যাচ্ছে ইসাবেলা কাইফের। কিন্তু ক্যাটরিনা কাইফের এই ছোট বোনকে দেখা যাবে কানাডীয় সিনেমা ‘ডক্টর ক্যাবি’তে।

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 05:41 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

জঁ-ফ্রাসোঁয়া পুলিয়তের এই সিনেমায় অভিনয় করলেও হিন্দি সিনেমায় ক্যারিয়ার গড়ার চিন্তা নাকি এখন একরকম বাতিলই করে দিয়েছেন এই অভিনেত্রী। কাইফ পরিবারের এক ঘনিষ্ঠ সুত্র সম্প্রতি এমনটাই দাবি করেছেন।

“ক্যাটরিনার বলিউডের বাইরের সিনেমায় কাজ করার কোন আগ্রহ নেই। ওদিকে, তার বোন ইসাবেল, যার বলিউডি সিনেমার আসার কথা ছিল, এখন সিদ্ধান্ত নিয়েছেন এখানে কাজ না করার।”

সূত্রটি আর জানায়, “ক্যাটরিনার মনে হয়েছে, একই ধরনের ব্যক্তিত্বসম্পন্ন দুই বোনের একই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার ফল শেষপর্যন্ত ভালো হবে না। ক্যাটরিনা চাননা, ইসাবেলা ‘গরীবের ক্যাটরিনা’র তকমা পান। আর তাই তারা দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছেন আলাদা আলাদা কর্মক্ষেত্র বেছে নেওয়ার।”

আশির দশকে যখন অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা তুঙ্গে তখন যে প্রযোজকদের তাঁকে নেওয়ার সামর্থ্য ছিল না তাদের জন্য বিকল্প পছন্দ হয়েন দাঁড়ান মিঠুন চক্রবর্তী। তাই মিঠুনকে অনেক সময়ই ডাকা হতো 'পুওর ম্যানস অমিতাভ’ বা 'গরীবের অমিতাভ’ হিসেবে।  

‘ডক্টর ক্যাবি’ সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভারতীয় চিকিৎসককে ঘিরে যিনি সেখানে ট্যাক্সিচালক হিসেবে কাজ করেন। মূল চরিত্রে অভিনয় করবেন ভিনেয় ভিরমানি। ইসাবেলের বিপরীতে অভিনয় করবেন 'বিং ব্যাং’ খ্যাত কুনাল নায়ার।

সিনেমাটি কানাডীয় হলেও এর প্রযোজক বলিউড সুপারস্টার সালমান খান যার সঙ্গে ক্যাটরিনার কাইফের একসময়ের প্রেম এখনও চর্চিত ।

তবে সালমান প্রযোজিত হলেও, আর দশটা নতুন অভিনেত্রীর মতোই রীতিমতো অডিশন দিয়ে এই চরিত্রটির যোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করতে হয়েছে ইসাবেলকে। সহ অভিনেতা ভিনেয় ভিরমানির মতে, ইসাবেল দারুণ কাজ করছেন সিনেমায়।

“ক্যাটরিনার মতোই সব ধরনের গুণাবলী রয়েছে ইসাবেলার। একইসঙ্গে তারকা হওয়ার জন্য কোন তাড়াহুড়োও নেই, যা তার অন্যতম ভাল গুণ!”