টিভিপর্দায় কাজল?
মুম্বাইয়ের সিনেপাড়ায় এখন জোর গুঞ্জন, নতুন এক টিভি সিরিজে কাজ করবেন অভিনেত্রী কাজল। কাজল জানালেন, টিভিতে কাজ করতে আপত্তি নেই তার; তবে কাজটি হতে হবে তার উপযুক্ত।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্রের টিভি সিরিজ ‘দ্য কিলিং’-এর রিমেইক হবে ভারতে, যেখানে প্রধান গোয়েন্দা চরিত্রে দেখা যেতে পারে কাজলকে। তবে কাজলের ভাষ্য, শুধুমাত্র গুঞ্জনে হাওয়া দিতেই টিভিতে কাজ শুরু করবেন না তিনি।
কাজল বলেন, "টিভি হল এমন একটি জায়গা, যেখানে আমি তখনই কাজ শুরু করব, যখন আমি নিশ্চিতভাবে জানতে পারব, আমি কী করছি। শুধুমাত্র কেউ একজন প্রস্তাব দিলেই আমি তা গ্রহণ করব না, কাজটির উপর আমার নিজের বিশ্বাস থাকতে হবে।"
বড়পর্দায় বাজিমাত করা অনেক তারকাই ছোটপর্দায় রয়ে গেছেন অচেনা, এমন ঘটনা ভারতীয় শোবিজে নতুন নয়। ফিল্মে বিরতি নেওয়ার পর ‘মালিনি আইয়ার’ সিরিজের মাধ্যমে টিভিতে পা রাখেন নায়িকা শ্রিদেবি, কিন্তু তাঁকে নাম লেখাতে হয় ফ্লপের খাতায়।
রিয়্যালিটি শোর উপস্থাপক এবং বিচারক হিসেবে এখনও সফল অভিনেত্রী মাধুরি দিকশিত, তবে রূপালি পর্দার মায়া ছেড়ে ‘ইডিয়ট বক্স’-এ ঢোকার সাহস করেন না বেশিরভাগ শিল্পীই।
হয়ত-বা এ কারণেই সতর্ক অভিনেত্রী কাজল। তিনি আরও বলেন, "শুধুমাত্র গুজবে কান দিয়ে আমি কাজ শুরু করব না। যখন আমি জানব, কাজটি করলে আমি সফল হব, তখনই আমি টিভিতে কাজ করব।"
"আমার মা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। ছোটবেলা থেকেই যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণের বেলায় আমি তার অনুমতির অপেক্ষা করি, তার মতামত জানার অপেক্ষা করি। মা হিসেবে তিনি মোটেও সেকেলে নন; বরং খুবই আধুনিক।"
অভিনেতা অজয় দেবগনের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর দুই সন্তান নিয়ে এখন বেশ সংসারী হয়ে উঠেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। শেষবার তাকে সিনেপর্দায় দেখা গেছে ‘মাই নেইম ইজ খান’-এ, দীর্ঘদিন পর একটি সিনেমায় অভিনয় করে জিতে নিয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
সংসার গুছিয়ে এখন আপাতত ভালো চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছেন কাজল। পছন্দের প্রস্তাব পেলে আবারও ফিরে আসবেন কাজে, জানিয়েছেন তিনি।
