"মা কখনও জোর করতেন না"
সেলাইয়ের কাজ করতে অবশ্য তার বাবাও বেশ উদ্যমী ছিলেন। মায়ের পাশাপাশি তাদের পোশাক তৈরিতে বাবারও অবদান থাকত।
বড় বোনদেরও দেখেছেন গান গাইতে, কবিতা লিখতে, সাংবাদিকতা করতে। পারিবারিক এমন এক পরিবেশে বড় হয়েছেন সাত বোন ও এক ভাইয়ের মধ্যে পঞ্চম, মূলত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার।
‘নাই টেলিফোন নাইরে পিয়ন’-সহ অসংখ্য জনপ্রিয় আধুনিক গানের এই শিল্পী মা দিবস উপলক্ষে গ্লিটজের সঙ্গে কথা বলতে গিয়ে স্মৃতিচারণায় ডুবে গেলেন। আরও জানালেন মায়ের পিয়ানো বাজানোই হয়ত কণ্ঠশিল্পী হওয়ার জন্য প্রেরণা দিয়েছে তাঁকে।
তিনি বলেন, “আমার বয়স তখন চার কি পাঁচ। মা পিয়ানো বাজাচ্ছেন, আমি তার পাশে দাঁড়িয়ে শুনছি। এই স্মৃতিই পরবর্তীতে সংগীতে মনোযোগী হতে অনুপ্রাণিত করেছে বলে মনে হয় আমার।”
"মা শুধু পিয়ানো বাজাতেন তাই না, আমার মা কিন্তু গান গাইতেন, কবিতা লিখতেন, ছবি আঁকতেন। সেলাইও করতেন বেশ।”
মায়ের এসব শৈল্পিক গুণ ছিল সহজাত, পাপিয়া সারোয়ারসহ অন্যরাও পেয়েছেন তেমনিভাবেই। পরিবারে সাংস্কৃতিক চর্চার এক অনন্য পরিবেশের কথা শোনালেন।
“বংশ পরম্পরায় বলেন আর পারিবারিক পরিবেশের কারণেই বলেন আমরাও সবাই কিছু না কিছু করতাম। নিজেদের কাজ নিজেদের করার রেওয়াজও ছিল।”
কণিকা মাহফুজ, রুবী রহমানসহ অন্য বোনেরা নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
স্বাধীনতার পর ‘প্রথম বৃত্তি’র সুবিধা নিয়ে শান্তি নিকেতনে গিয়েছিলেন তিনি। রেডিও, টিভিতে নিয়মিত গান গাইতেন তারও আগে থেকে।
বাসায় গান, নৃত্য, ছবি আঁকা শেখার পাশাপাশি ছয় বোনের সঙ্গে পাপিয়া ‘কচিকাঁচার মেলা’র সঙ্গেও জড়িত ছিলেন। সে সময় শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, হাশেম খানসহ আরও অনেকেই বাসায় আসতেন, ছবি আঁকা শেখাতেন।
"তবে এসব কিছুর জন্য মা কখনও কাউকে জোর করতেন না।"
দুই মেয়ে জারা ও জিশাকেও সেভাবেই বড় করেছেন পাপিয়া সারোয়ার। বড় মেয়ে গবেষণামূলক কাজে ব্যস্ত হয়ে পড়ায় আর শিল্পচর্চা করা হয়নি। তবে ছোট মেয়ে জিশা কিন্তু ঠিকই সংগীতচর্চা করছেন। সাম্প্রতিক সময়ে মায়ের সঙ্গে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবামও প্রকাশ করেছেন।
একটা সময় ছিল যখন মাতৃত্বের দায়িত্ব নারীদের পিছিয়ে দিয়েছে অনেকক্ষেত্রেই।
কণিকা বন্দোপাধ্যায়ের এই শিষ্য বলেন, “আমার ক্ষেত্রে কখনও এমন হয়নি যে, আমার সন্তানের জন্য কোনো সমস্যার সৃষ্টি হয়েছে ক্যারিয়ারে। স্বামী (সারোয়ার আলম) ও পরিবারের অন্য সদস্যরা আমাকে সে চাপ কখনও বুঝতে দেয়নি।”
‘গীতসুধা’ সংগীত বিদ্যায়তনের শিক্ষক পাপিয়া সারোয়ার বলেন, “আজও দেখি আমাদের এই সমাজে নারীদের বিকাশের ক্ষেত্রে নানা বাঁধা। আমি সাধ্য অনুযায়ী তাদের এগিয়ে দেওয়ারই চেষ্টা করছি।”
