২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়াসউদ্দিন সেলিমের 'উজান গাঙের নাইয়া'

বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রযোজনায় বিটিভিতে প্রচারিত হতে যাচ্ছে ১৬ পর্বের ধারাবাহিক 'উজান গাঙের নাইয়া’।  যৌথভাবে পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম ও বাসার জর্জিস। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 04:14 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

এ নাটকে দেখা যাবে, ১৬ বছর বয়সী আনিকা শহর থেকে এসএসসি পাস করে গ্রামে ফেরার পর তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। প্রতিবাদী আনিকা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। এরই মধ্যে কিশোরি আনিকা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। নাটকটির মাধ্যমে বাল্যবিবাহ ও গর্ভকালীন নানা সমস্যা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া প্রসূতি মা ও নবজাতকের পরিচর্যা বিষয়েও নানা তথ্য থাকছে।

আনিকা চরিত্রটিকে রূপদানকারী স্পর্শিয়া গ্লিটজকে জানান,  চরিত্রটি তার কাছে খুব ‘চ্যালেঞ্জিং’। এ চরিত্রের জন্য প্রথমে তাকে বেশ মোটা হতে হয়েছিল। কিন্তু পরে আবার ওজন কমাতে হয়েছে। এক মাসের মধ্যে ৬ কেজি ওজন কমিয়েছেন তিনি।

“প্রতি পর্বেই আমাকে ভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে। এ চরিত্রটি করতে গিয়ে বুঝতে পারলাম একজন নারী কতটুকু কষ্ট করে সহ্য করে মা হন। এ নাটকের মাধ্যমে দর্শক বুঝতে পারবেন, বাল্য বিবাহ ও অসময়ে মাতৃত্ব কত ভয়ংকর হতে পারে।” 

‘উজান গাঙের নাইয়া’র প্রচারিত হবে বিটিভিতে। রোববার (১১মে) রাত সাড়ে আটটায় এর প্রথম পর্ব প্রচারিত হবে। এরপর প্রতি শুক্রবার নাটকটি একই সময়ে প্রচারিত হবে।

স্পর্শিয়া এখন মাহফুজ আহমেদের ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’, সাফায়েত মনসুর রানার ‘ইচ্ছে ঘুড়ি’ ও আলী ফিদা ইকরাম তোজোর ‘ফ্যামিলি প্যাক’ ধারাবাহিকে অভিনয় করছেন।

২০১১ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে আসা স্পর্শিয়ার প্রথম নাটক ‘অরুণোদয়ের নাট্যদল’।