দুই নায়িকার লড়াই
'দ্য এক্সপোজে’-এর মাধ্যমে হিন্দি সিনেমার জগতে পা রাখবেন সোনালি রাউত এবং যোয়া আফরোজ। কিন্তু সিনেমা মুক্তির আগেই দ্বন্দ্বে জড়িয়ে গেছেন এই দুই অভিনেত্রী।
সম্প্রতি কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠানে সিনেমার প্রচার করতে গিয়ে রীতিমতো চুলোচুলিই করে বসেছেন এই দুই নায়িকা। তবে ঘটনাটি ক্যামেরার সামনে ঘটেনি।
ভারতীয় বার্তা সংস্থা টাইমস অফ ইন্ডিয়া বলছে, 'দ্য এক্সপোজে’ সিনেমায় দুই নায়িকার ‘ক্যাটফাইটে’র একটি দৃশ্যে অভিনয় করতে গিয়েই তাদের মধ্যে মনোমালিন্যের শুরু। ষাটের দশকের হিন্দি সিনেজগতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে প্রতিদ্বন্দ্বী দুই নায়িকার চরিত্রেই অভিনয় করছেন সোনালি ও যোয়া।
এক সূত্র জানায়, টিভির অনুষ্ঠানটি শুরুর আগে জোয়ার মেক-আপ ভ্যানে গিয়ে হাজির হন সোনালি। তিনি বলে বসেন, ক্যামেরার সামনে ভদ্র ব্যবহার না করলে যোয়াকে চড় লাগিয়ে দেবেন!
এরপর রেগে গিয়ে সোনালিকেই চড় মেরে বসেন যোয়া।
এ ঘটনার পর সোনালির ভাষ্য, ‘কাউকে ভয় পান না তিনি’। অপরদিকে এ ব্যাপারে মুখ খুলতে নারাজ যোয়া বলেন, ‘সোনালির ভদ্রতা শেখা উচিত’।
থ্রিলার ধাঁচের সিনেমা ‘দ্য এক্সপোজে’ মুক্তি পাচ্ছে ১৬ মে। সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন ‘লুঙ্গি ড্যান্স’খ্যাত গায়ক ইয়ো ইয়ো হানি সিং আর সঙ্গে থাকছেন গায়ক ও নায়ক হিমেশ রেশামিয়া।
