শিল্পকলায় মুনীর চৌধুরী নাট্যোৎসব
শহীদ মুনীর চৌধুরী স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী নাট্যোৎসব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় এ উৎসবে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ।
মুনীর চৌধুরীর লেখা ও অনুবাদ করা ৫টি নাটক নিয়ে নিজেদের নতুন প্রযোজনাগুলো মঞ্চস্থ করবে তারা।
একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুক্রবার বিকাল ৬টায় উৎসব উদ্বোধন করা হবে। অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চস্থ করবে নাটক ‘মানুষ’। নাটকটি নির্দেশনা দিয়েছেন মাহবুবুর রহমান।
১১ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মঞ্চস্থ করবে অনুবাদ নাটক ‘জনক’। মূল নাটক ‘দ্য ফাদার’ এর রচয়িতা অগাস্ট স্ট্রিন্ডবার্গ। বিয়োগান্তক নাটকটির নির্দেশনা দিয়েছেন ফারজানা আফরীন রূপা।
এদিনই রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘মহারাজ’ নাটকটি মঞ্চায়নের মাধ্যমে উৎসবের পর্দা নামবে। ব্যাঙ্গাত্মক নাটকটি নির্দেশনা দিয়েছেন আরিফ হায়দার। মূল নাটক ‘সামথিংস টু টক অ্যাবাউট’ লিখেছেন এডেন ফিলোপোটস।
দ্বিতীয় দিন থেকে নাটক শুরু হবে সন্ধ্যা ৭টায়। সবগুলো নাটকই এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে।
