নানা আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন
রাজধানী ঢাকাজুড়ে কবিগুরুর জন্মদিন উপলক্ষ নাচ, গান, চিত্র প্রদর্শনী।
শিল্পকলা একাডেমি
শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ আয়োজন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের প্রতিলিপি প্রদর্শনী ও আর্ট ক্যাম্প।
জাতীয় চিত্রশালার ২ নং গ্যালারিতে প্রদর্শনী ৯ মে শুরু হয়ে চলবে ২২ মে পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী শুক্রবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা এবং অন্যান্য দিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেখা যাবে।
একাডেমির সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় ১০ মে পযর্ন্ত তিন দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ ও ১০ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ।
ছায়ানট
সম্মেলক নৃত্য-গীতের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছায়ানটের দুদিনব্যাপী ‘রবীন্দ্র উৎসব’ শুরুর কথা রয়েছে। এবারের উৎসবে প্রেম ও পূজা পর্যায়ের গান পরিবেশিত হবে। সম্মেলক ও একক গানের পাশাপাশি থাকছে নৃত্য, পাঠ, আবৃত্তি ও বক্তৃতা। উৎসবে অংশ নিচ্ছেন ঢাকাসহ দেশের নানা অঞ্চলের নবীন-প্রবীন শিল্পী।
সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার
‘দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে’ স্লোগান সামনে রেখে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাঁচদিনের পঞ্চবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত শিল্পী বশির আহমদ ও আজাদ হাফিজকে। উৎসবের উদ্বোধনী দিনে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হওয়ায় অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মাননা দেওয়া হয়েছে। এবার সর্বোচ্চ দেড়শ’ শিল্পী অংশ নিচ্ছেন। এর আয়োজক রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থা।
তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হচ্ছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নিরঞ্জন অধিকারীর বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। আলোচনা শেষে উদীচীর সংগীত ও নৃত্য এবং নাটক বিভাগের শিল্পীসহ দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনা শুরু হবে।
ইন্দিরা গান্ধী কালাচারাল সেন্টার (আইজিসিসি)
নির্ধারিত সূচি ধরে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আইজিসিসি। ৯ মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে কলকাতার শিল্পী নয়ন মুখার্জি ও ঢাকার ডালিয়া আহমেদের ‘রবীন্দ্রসংগীত সন্ধ্যা’। পরবর্তী শনিবার সন্ধ্যায় একক শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করবেন নন্দিতা ইয়াসমীন। অনুষ্ঠান দুটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
