২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় পর্দায় আসছে রবীন্দ্রনাথের ‘নন্দিনী’

বাংলা সাহিত্যের দুই কালজয়ী চরিত্র-- শরদিন্দু বন্দোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সি আর রবীন্দ্রনাথ ঠাকুরের নন্দিনী। চলচ্চিত্রে তাদের এক সঙ্গে আনার উদ্যোগ নিয়েছেন পরিচালক শৈবাল মিত্র। সিনেমার কাহিনি ব্যোমকেশ সিরিজের ‘শজারুর কাঁটা’র গল্প অবলম্বনে হলেও নায়িকার চরিত্র তিনি নির্মাণ করছেন রবিঠাকুরের নাটক ‘রক্তকরবী’র ‘নন্দিনী’র আদলে। আর এ চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলবেন কঙ্কনা সেন শর্মা।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 02:17 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

রূপালি পর্দায় এর আগেও রবীন্দ্রনাথের চরিত্রের রূপায়ন ঘটিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। ‘শেষের কবিতা’র কাদম্বরী হওয়ার সুযোগ ঘটেছিল তার।

২০১৩ সালে রাহুল বোসের বিপরীতে মুক্তি পায় ‘শেষের কবিতা’।

কঙ্কনা বলেন, “আমি খুশি যে, কিছুদিন ধরেই রবীন্দ্রনাথের চরিত্রগুলো আসছে আমার কাছে। এবার আমাকে ‘রক্তকরবী’র ‘নন্দিনী’র মতো হতে হবে; চরিত্রটি নিয়ে মানুষের নির্দিষ্ট কিছু ধারণা আছে। আমি জানি, মানুষের প্রত্যাশা অনুযায়ী এসব চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা কঠিন; তবে আমি অভিনয় করব আমার নিজের অনুভূতি এবং চরিত্রটি নিয়ে করা গবেষণার উপর ভিত্তি করেই।”

নন্দিনীর চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তুলতে কঙ্কনা এখন প্রশিক্ষণ নিচ্ছেন কলকাতার মঞ্চ ব্যক্তিত্ব সোহাগ সেনের কাছ থেকে। তার মতে, চরিত্রটিকে বোঝার ব্যাপারেও সোহাগ সেনের সাহায্য তার কাজে লাগছে খুব।

তিনি বলেন, “আমার কাছে কাজটি বেশ কঠিন মনে হচ্ছিল। এক্ষেত্রে সোহাগ সেনের কর্মশালা সত্যিকার অর্থেই আমার কাজে লাগছে। আমি এখন নন্দিনীর সংলাপ, উচ্চারণ আর কথা বলার ঢং-- এর সবই আয়ত্ব করতে শুরু করেছি।”

নিজের হোমওয়ার্কের পাশাপাশি কঙ্কনা সাহায্য নিচ্ছেন তার মা, অভিনেত্রী এবং নির্মাতা অপর্ণা সেনের কাছ থেকেও। ক্যারিয়ারের শুরুতেই সত্যজিৎ রায়ের ‘তিন কন্যা’ সিরিজের অংশ ‘সমাপ্তি’তে ‘মৃন্ময়ী’র ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

পরিচালক শৈবাল মিত্রের মতে,‘শজারুর কাঁটা’ হতে যাচ্ছে একটি ক্রাইম থ্রিলার; যেখানে কঙ্কনার ‘দীপা’ চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। আজকের কলকাতার পটভূমিতে নির্মিতব্য এই সিনেমায় ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’খ্যাত অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়কে।