ইমেল্ডা মার্কোসকে নিয়ে মিউজিক্যাল
ডিস্কো ঘরানার মিউজিক্যালে উঠে আসবে ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেল্ডা মার্কোসের জীবনালেখ্য। মঞ্চস্থ করবে লন্ডনের ন্যাশনাল থিয়েটার।
বিবিসি জানায়, ‘হিয়ার লাইস লাভ’ নামের এই নাটকটি ২০১৩ সালে মঞ্চস্থ হয়েছিল নিউ ইয়র্কে।
‘হিয়ার লাইস লাভ’ রক অ্যালবাম হিসেবে প্রকাশিত হয় ২০১০ সালে, যার প্রতিটি গান তৈরি হয়েছিল মার্কোসকে নিয়ে। অ্যালবামটি প্রযোজনা করেন ডেভিড বাইরন এবং ফ্যাটবয় স্লিম।
মার্কোসকে বলা হয় স্বামীর স্বৈরশাসনের ভাগীদার। ফার্দিনান্দের শাসনামলে ১০০০ জোড়া জুতোর মালিক হয়ে মার্কোস অতি-ব্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন।
১৯৮৬ সালে ফার্দিনান্দ সরকার উৎখাত করার পর জানা যায়, ২০ বছরে তারা প্রায় ১ হাজার কোটি ডলার সমমূল্যের সম্পদের মালিক হন। তবে এর মধ্যে মাত্র ৪০০ কোটি ডলার সম্পদের হিসাব পাওয়া যায়।
