“সে জায়গায় আমিও থাকতে পারতাম!”
‘গ্র্যাভিটি’ সহশিল্পী জর্জ ক্লুনির প্রতি অনেকদিন ধরেই নাকি দুর্বল ছিলেন স্যান্ড্রা বুলক। বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, ক্লুনির বাগদানের ঘটনায় তাই পুরোপুরি ভেঙে পড়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী।
মার্কিন ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়ারার এক সূত্রের বরাত দিয়ে বলছে, “মনের ভেতর অনেকদিন ধরেই ক্লুনির জন্য ভালোবাসার মশাল জ্বেলে রেখেছিলেন বুলক। যতদিন পর্যন্ত ক্লুনি একা ছিলেন, বুলকের আশা ছিল কোনো না কোনো দিন তারা এক হবেনই। কিন্তু এখন, ক্লুনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমালকেই জীবনসঙ্গী করার।”
সূত্রটি আরও বলছে, ক্লুনির বাগদানের খবর প্রকাশের পর এক বন্ধুর কাছে দুঃখ প্রকাশ করে বুলক নাকি বলেছেন, “সে জায়গায় আমিও থাকতে পারতাম!”
এই ঘটনার পর অনেকটাই ভেঙে পড়েছিলেন বুলক, জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র। বিষয়টি মেনে নিতে এখনও অনেক কষ্ট হচ্ছে তার।
২০১৩ সালে মুক্তি পাওয়া সাইফাই মুভি ‘গ্র্যাভিটি’তে একসঙ্গে অভিনয় করেছেন বুলক এবং ক্লুনি। তবে তাদের বন্ধুত্বের শুরু আরও ১৫ বছর আগে।
এরপর সিনেমায় একসঙ্গে অভিনয় করা না হলেও বন্ধুত্ব বজায় রেখেছেন এই দুজন।
‘গ্র্যাভিটি’র মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করার সুযোগ হয় তাদের। কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, কাজের ফাঁকে বুলকের চার বছর বয়সী ছেলের সঙ্গেও নিয়মিত সময় কাটিয়েছেন ক্লুনি।
তবে ২০১৩ সালের অক্টোবরে, সাবেক প্রেমিকা স্টেসি কিবলারের সঙ্গে বিচ্ছেদ হবার পর ক্লুনি জানিয়েছিলেন, অন্য যে কোনো নারীর সঙ্গে প্রেম করলেও প্রেমিকা হিসেবে কখনও বুলককে চান না তিনি।
কারণ হিসেবে ক্লুনির ভাষ্য, এর আগে তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে প্রেম করেছিলেন বুলক। আর বন্ধুর সাবেক প্রেমিকাকে নিজের প্রেমিকা বানানোর কোনো ইচ্ছে নেই তার।
অবশেষে ২৪ এপ্রিল প্রেমিকা আমাল আলামুদ্দিনের সঙ্গে বাগদান সম্পন্ন করেন এই অভিনেতা।
ডেইলি মেইলের খবর অনুযায়ী, বর্তমানে মেক্সিকোতে ছুটি কাটাতে গেছেন এই জুটি। তবে এখনই বিয়ের কোনো তাড়া নেই তাদের।
