ঈদে আসছে হুমায়ূন আহমেদের নাটক
আসন্ন ঈদুল ফিতরে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে দুটি নাটক নির্মাণ করবেন বলে গ্লিটজকে জানিয়েছেন প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। ‘চৌধুরী খালেকুজ্জামান’ সিরিজের তৃতীয় নাটক নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত বলে জানিয়েছেন তিনি। এবারের নাটকটির নাম ‘চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়’।
শাওন গ্লিটজকে জানান নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় এ নাটকের ১৯টি সিকোয়েন্স লেখেন হুমায়ূন। নাটকটি পরিচালনার ভার দেন স্ত্রীকে। নাটকের বাকি সিকোয়েন্সগুলো নিজেই লিখবেন বলে জানিয়েছেন শাওন।
সিরিজের বাকি দুটি নাটকের মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রাণ রায়। তার বাবার চরিত্রে দেখা যাবে জয়ন্ত চট্টোপাধ্যায়কে। চৌধুরী খালেকুজ্জামান গ্রামের ধনী পরিবারের সহজ সরল যুবক। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখানোই তার লক্ষ্য।
শাওন জানান, তৃতীয় নাটকেও ‘খ্যাপাটে’ চৌধুরী খালেকুজ্জামানের নানা কাণ্ডে মজা পাবে দর্শক। নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে।
হুমায়ূন আহমেদের লেখা বাকি নাটকগুলো থেকে গল্প বাছাই চলছে বলে জানান শাওন। বাংলাভিশনের জন্য একটি নাটক নির্মাণের কথা রয়েছে তার।
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ২০০৩ সালে ‘পক্ষীরাজ’ নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
