২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কথা রাখেননি আমির!

বলিউড সুপারস্টারের কাছ থেকে সহায়তার প্রতিশ্রুতি পেয়ে আশ্বস্ত হয়েছিল বিহারের দরিদ্র মানঝি পরিবার। তবে অর্থের অভাবেই প্রাণ হারাতে হল সেই পরিবারের পুত্রবধূকে। 

জেনিফার ডি প্যারিস

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 04:58 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

আমির খানের অনুষ্ঠান ‘সত্যমেভ জায়াতে’র নতুন সিজনের প্রথম পর্বে তুলে ধরা হয়েছিলো ‘মাউন্টেইন ম্যান’ হিসেবে পরিচিত দশরথ মানঝি এবং তার পরিবারের কাহিনী, যা প্রচারিত হয় চলতি বছরের মার্চে।

সেই অনুষ্ঠানেই মানঝি পরিবারকে সব ধরনের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন আমির। তবে দুমাস পেরিয়ে গেলেও কেউ যায়নি তাদের কাছে।

অর্থের অভাবে ভালো চিকিৎসা করতে না পারায় সম্প্রতি মারা গেছেন মানঝির পুত্রবধূ।

মানঝির ছেলে ভগীরথ অভিযোগ করে বলেন, “যদি তিনি প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের আর্থিক সাহায্য পাঠাতেন, তবে হয়ত আমার স্ত্রী বেঁচে যেতো। শুধুমাত্র অর্থের অভাবেই তিনি মারা গেছেন।”

ভগীরথ আরও জানান, স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার অর্থও ছিল না তার কাছে। এরপর স্থানীয় এক দাতব্য সংস্থা ‘পিপল ফার্স্ট’-এর সহায়তায় স্ত্রীর শ্রাদ্ধ করেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘মাউন্টেইন ম্যান’-এর পরিবারের সঙ্গে দেখা করতে সেই গ্রামে যান আমির। কথা বলেন ভগীরথ এবং তার স্ত্রী বাসন্তির সঙ্গে।

দাতব্য সংস্থা ‘পিপল ফার্স্ট’-এর উদ্যোগে তাদের গ্রামে নির্মিত হয়েছে একটি বিদ্যালয়, যেখানে শিক্ষার্থীদের দুপুরের খাবার রান্না করার কাজ নিয়েছিলেন ভগীরথ এবং তার স্ত্রী।

প্রতিমাসে ১ হাজার রূপি বেতন দেওয়া হত তাদের।

দশরথ মানঝি ছিলেন বিহারের গয়া এলাকার একজন গরীব শ্রমিক। নিজের গ্রামের পাশের পাহাড় একা হাতে কেটে গ্রামবাসীদের জন্য রাস্তা তৈরি করেছিলেন তিনি। কারণ তার বাড়ি থেকে স্থানীয় হাসপাতালের দূরত্ব ছিল অনেক বেশি।

পাহাড় পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই মারা গিয়েছিলেন মানঝির স্ত্রী।

দিন-রাত বিরতিহীন পরিশ্রম করে ৩৬০ ফুট দীর্ঘ পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন মানঝি, যেন আর কারও এভাবে মৃত্যুকে বরণ করে নিতে না হয়।

এরপর থেকে ‘মাউন্টেইন ম্যান’ হিসেবে দেশব্যাপী পরিচিত হন এই লোক।

২০০৭ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান।